নয় স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়গুলোতে ১৮ জন শিক্ষক কয়েক মাস ধরে পাঠদান করছেন। অথচ তাঁদের নিয়োগ দেখানো হয়েছে দুই বছর আগে।জানা গেছে, পূর্ণাঙ্গ বিদ্যালয় হিসেবে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী) নিবন্ধনভুক্ত এবং বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ কৌশলে ও জালিয়াতির মাধ্যমে পেছনের তারিখ দিয়ে তাঁদের নিয়োগ দিয়েছে। সম্প্রতি সরেজমিনে উপজেলার চাপুরী-কুতুবপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে গেলে কয়েকজন শিক্ষার্থী বলে, ‘এত দিন ধইরা দুইজন আফাই আমরারে পড়াইছে। কয় মাস ধইরা নতুন আরও দুইজন আফা আইছে। অহন নতুন আফারাও আমরার ক্লাস নিতাছে।’ খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে চাপুরী-কুতুবপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে দুজন শিক্ষক ছিলেন। সম্প্রতি আরও দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, সরকারি আর্থিক সুযোগ-সুবিধা লাভের আশায় কর্তৃপক্ষ ২০০৯ সালে তাঁদের নিয়োগ দেখিয়েছে। এমন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষ থেকে গত ৭ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে চাপুরী-কুতুবপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দাতাসদস্য মজিবুর রহমান নিজের মেয়েকে নিয়োগ দেন। এ অবস্থায় প্রধান শিক্ষকসহ দুজন থাকার পরও সম্প্রতি আরও দুজন নতুন শিক্ষক এখানে পাঠদান করছেন। তাঁদের একজন সভাপতি মো. সাইফুল ইসলামের মেয়ে। আরেকজন দাতাসদস্য মজিবুর রহমানের ছেলের স্ত্রী। স্বজনদের নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পেছনের তারিখে তাঁদের নিয়োগ দেখিয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও একাধিক সূত্র জানায়, উপজেলায় মোট ১০টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলো হলো—চাপুরী-কুতুবপুর, চন্দ্রগাতি, মাইজকান্দি, পালড়া, মহরিয়া, সাখড়া, ভাদেরা, ঘোষখিলা, আউজিয়া ও বাউশারী শিবপুর। এর মধ্যে বাউশারী শিবপুর ছাড়া সব কটি বিদ্যালয়েই ওই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়গুলোতে শুরু থেকেই দুজন শিক্ষক দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান চলে আসছে। কিন্তু গত বছর পূর্ণাঙ্গ বিদ্যালয় হিসেবে নিবন্ধনভুক্ত ও বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কমিটির পরামর্শে স্থানীয় ব্যবস্থাপনা কমিটি এসব বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে পাঠদান শুরু করে। সেইসঙ্গে আরও দুজন করে শিক্ষক নিয়োগ দেখানোর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে নয়টি বিদ্যালয়ে পেছনের তারিখে অর্থাৎ ২০০৯ সালে ১৮ জন নতুন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেখানো হয়।অভিযোগের ব্যাপারে চাপুরী-কুতুবপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জেবুন্নেছা আক্তার ও সহকারী শিক্ষক মাহমুদা আক্তার বলেন, যাঁরা বিদ্যালয়টির ভালো চায় না; এলাকার সেই পক্ষটিই বিদ্যালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ করছে। তবে একজন শিক্ষক নতুন আসা শিক্ষকদের সম্পর্কে বলেন, ‘নতুন শিক্ষকেরা কয়েক মাস ধরে এখানে লেখাপড়া করালেও তাঁদের নিয়োগ দেখানো হয়েছে ২০০৯ সালে।’উপজেলা শিক্ষা কমিটির সদস্যসচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। তবে ইতিমধ্যে চাপুরী-কুতুবপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেখানে শিগগির তদন্তে যাব। বাকি বিদ্যালয়গুলোর ব্যাপারেও খোঁজখবর নেওয়া হবে।’সাবেক এক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, এভাবে কেউ শিক্ষক নিয়োগ দিতে পারে না। এটা সম্পূর্ণ জালিয়াতি ও অবৈধ। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা শিক্ষা কমিটির এক সদস্য বলেন, ‘কৌশলে ও সূক্ষ্ম জালিয়াতির মাধ্যমে এ নিয়োগগুলো দেখানো হয়েছে।’উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ কমিটির কাছেও এসেছে। তাই আগামী সভায় এ বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’