নয়জন চিকিৎসক দিয়ে চলছে ১০০ শয্যার হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র নয়জন চিকিৎসক দিয়ে চলছে ১০০ শয্যার নীলফামারী সদর আধুনিক হাসপাতাল।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৩ সালে এই হাসপাতাল ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু জনবল বাড়ানো হয়নি। ৫০ শয্যার জনবলে এখানে চিকিৎসকের পদ ২২টি। কিন্তু কর্তব্যরত আছেন মাত্র নয়জন। আর ৩৩টি নার্সের পদে কর্তব্যরত আছেন ২৭ জন। অথচ ১০০ শয্যার হিসাবে রোগী ভর্তি আছে ২৩৫ জন। অপারেশন থিয়েটারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও অবেদনবিদ চিকিৎসক নেই। এখানে নেই সিনিয়র কনসালট্যান্ট জুনিয়ার কনসালট্যান্ট, মেডিসিন, অর্থ সার্জারি ও রেডিওলজিস্ট কনসালট্যান্ট। চিকিৎসা কর্মকর্তার চারটি পদে একজনও নেই। ময়নাতদন্তের জন্য ডোমের একমাত্র পদটি খালি আছে দীর্ঘদিন ধরে। ধারণক্ষমতার অতিরিক্ত রোগী থাকায় হাসপাতালের মেঝে ও বারান্দায় আশ্রয় নিয়ে চিকিৎসাসেবা নিতে হচ্ছে। চক্ষু বিশেষজ্ঞ না থাকায় এক বছর ধরে চক্ষু বিভাগ বন্ধ রয়েছে। গত ১ আগস্ট অবেদনবিদ চিকিৎসক এলপিআরে যাওয়ার কারণে অস্ত্রোপচার বন্ধ আছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগে চিকিৎসক রওনক আশরাফির কক্ষের সামনে রোগীদের ঠেলাঠেলি। কে আগে ঢুকবে, এর প্রতিযোগিতা। সেখানে কথা হয় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের শফিকুল ইসলামের (৪৫) সঙ্গে। তিনি তাঁর এক বছরের ছেলে নাঈমের চিকিৎসা করাতে এসেছেন, সঙ্গে তাঁর স্ত্রী সুফিয়া বেগম। তিনি বলেন, ‘খুব সকালে আইসছি, কিন্তু ভিড়ের কারণে ডাক্তারের কাছে যাইতে পারছি না।’ একই ধরনের অভিযোগ করলেন জেলা সদরের ওবায়দুর রহমান, আবদুল আলীমসহ কয়েকজন।শিশু ওয়ার্ডে দেখা গেল চায়না, রাশেদাসহ কয়েকজন মা এক দিনের বাচ্চা নিয়ে মেঝেতে আশ্রয় নিয়েছেন। ওয়ার্ডের বারান্দায় ঠাঁই হয়েছে এক দিনের যমজ শিশু নিয়ে মা আয়শার। ওই ওয়ার্ডের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স প্রতিভা মণ্ডল বলেন, ‘এখানে ১২টি বেডে শিশু ভর্তি আছে ৬০ জন। প্রতিটি বেডে দুজন করে শিশু রাখার পর বাকিদের মেঝেতে জায়গা করে দেওয়া হয়েছে। এই ওয়ার্ডে সকালের শিফটে দুজন এবং বিকেল ও রাতের শিফটে একজন করে নার্স কাজ করেন।’গাইনি ওয়ার্ডেও একই অবস্থা। এই ওয়ার্ডের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স আয়শা সিদ্দিকা বলেন, ১৫টি বেডে ভর্তি আছেন ৫৫ জন মহিলা। সকালে দুজন এবং বিকেলে একজন ও রাতে একজন করে নার্স কাজ করেন। মেঝেতে জায়গা না থাকায় বারান্দায় দিতে হচ্ছে।ওয়ার্ডে চিকিৎসাধীন জ্যোৎস্না বেগমের স্বামী মহসীন আলী জানান, গত শনিবার তিনি সন্তানসম্ভবা স্ত্রীকে ভর্তি করিয়েছেন। সোমবার তাঁকে রক্ত সংগ্রহ করতে বলা হলেও মঙ্গলবার হাসপাতালে সিজার করা যাবে না বলে তাঁর স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কারণ, হাসপাতালে অবেদনবিদ চিকিৎসক নেই। পুরুষ ওয়ার্ডেও ২৫ শয্যায় ভর্তি আছেন ৬৫ জন।নীলফামারীর সিভিল সার্জন আবদুল মজিদ বলেন, ১০০ শয্যার হিসাবে রোগী ভর্তি করা হলেও অন্য সুবিধা বাড়ানো হয়নি। সে কারণে সমস্যা হচ্ছে।