
চট্টগ্রাম নগরের মাদারবাড়ির ‘বরিশাল কলোনিতে’ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ী ও ছয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ১৮ মাদকসেবীকে চিকিৎসার জন্য নিরাময়কেন্দ্র ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে উপপরিচালক মো. আলী আসলাম হোসেন, সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান ছাড়াও বিজিবি, পুলিশ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ৪০ জন সদস্য ।
অভিযানে ২০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হওয়া মো. মাসুম নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড, ১৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার বিশ্বজিৎ মজুমদারকে ছয় মাস ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার মো. মোস্তফাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ছয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে (৩ থেকে ১৫ দিন) কারাদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, অভিযানে আটক অসুস্থ ১৮ মাদকসেবীকে চিকিৎসার জন্য বিভিন্ন নিরাময়কেন্দ্র ও হাসপাতালে পাঠানো হয়েছে। আর মোট নয়জনকে সাজা দেওয়া হয়েছে।