নয়জনকে অপহরণ পরে দুজনকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন থেকে গতকাল বুধবার সকালে নয়জনকে অপহরণ করা হয়। পরে তাঁদের মধ্য থেকে দুজনকে মুক্তি দেওয়া হয়েছে।আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজনের ধারণা।অপহূত ব্যক্তিরা হলেন: শুভ চাকমা, বিজয় চাকমা, তরুণ চাকমা, অরুণজ্যোতি চাকমা, সাধনমিত্র চাকমা, মন্টু চাকমা, সুমন চাকমা এবং করল্যাছড়িমুখ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর চাকমা ও ট্রলারচালক জ্ঞান রতন চাকমা। স্থানীয় সূত্র জানায়, অপহূত ব্যক্তিরা করল্যামুড়া, পলাশ আদাম ও সাহসবান্ধা গ্রাম থেকে বিভিন্ন পণ্য নিয়ে ট্রলারে করে রাঙামাটি আসছিলেন। সকাল সাতটা থেকে সাড়ে সাতটার দিকে তাঁরা বন্দুকভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িছড়া ডোর এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র লোক ট্রলারসহ নয়জনকে অপহরণ করে নিয়ে যায়। পরে বেলা একটার দিকে প্রধান শিক্ষক ও ট্রলারচালককে মুক্তি দেওয়া হয়।মুক্তি পাওয়া দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে ইউপিডিএফের সন্ত্রাসীরা নিরীহ গ্রামবাসীকে অপহরণ করেছে।’ তবে ইউপিডিএফের তথ্য বিভাগের রাঙামাটি জেলাপ্রধান সোনামণি চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলটি জনসংহতি সমিতির নিয়ন্ত্রিত। ইউপিডিএফের ওপর দোষ চাপাতে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ অপহরণের ঘটনা ঘটানো হয়েছে।’বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বরুণ বিকাশ চাকমা ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হামেদ কুমার চাকমা বলেন, অপহূত ব্যক্তিরা আঞ্চলিক রাজনৈতিক দলের দ্বন্দ্বের শিকার। অথচ তাঁরা কেউ কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সঠিক। পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখনো কোনো মামলা হয়নি।’