নয়জনকে সচিব পদে পদোন্নতি
প্রশাসনের নয়জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন ভারপ্রাপ্ত সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত আছেন। গতকাল বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ পদোন্নতি দেওয়া হয়।সচিব পদে পদোন্নতি পাওয়া ব্যক্তিরা হলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার আসাদুজ্জামান, খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব বরুণ দেব মিত্র, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম হোসেন, সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোশাররফ হোসেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিব শফিকুর রহমান পাটোয়ারী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য সাহাবউল্লাহ এবং বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক ফজলে কবির।এ ছাড়া পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত সচিব বেগম রীতি ইব্রাহিমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।এদিকে তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করা হয়েছে। জয়পুরহাটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিমকে সিলেটের জেলা প্রশাসক পদে, খুলনার পরিবেশ অধিদপ্তরের পরিচালক অশোক কুমার বিশ্বাসকে জয়পুরহাটের জেলা প্রশাসক পদে এবং সিলেট জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক পদে বদলি করা হয়েছে।