নয়জনের বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশের কার্যকারিতা ১৫ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ওই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত বেঞ্চ শিক্ষার্থীদের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। হাইকোর্টের রুলে বহিষ্কারাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ বিবাদীদের রুলের জবাব দিতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ পাওয়া নয়জন শিক্ষার্থী হলেন: জিনিয়া হোসেন, জাকিয়া সুলতানা, নাসিমা আক্তার, স্বপ্না রানী, রয়া ত্রিপুরা, অজিত কুমার, নাজমুল কায়সার, বিপ্লব চৌধুরী ও এইচ এম রফিকুজ্জামান। বেতন ও অন্যান্য ফি বাড়ানোর প্রতিবাদে ৯ অক্টোবর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ছয় মাসের জন্য বহিষ্কারের আদেশ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে শিক্ষার্থীরা গতকাল রিটটি করেন।