নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইলেকট্রনিকস পণ্যের গুদাম থেকে ২০ কেজি সোনার বার ও অলংকার উদ্ধারের মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবিরের আদালতে অভিযোগপত্র জমা দেন ডিবির পরিদর্শক কেশব চক্রবর্তী।
আসামিরা হলেন এসি মেলা নামের ওই গুদামের মালিক জসিম উদ্দিন, ফরিদ আলম ও ভবতোষ বিশ্বাস, ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, জসিমের ভাই এমরান খান, কর্মচারী মো. শোয়েব ও গাড়িচালক মো. রুবেল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি আবু তাহের ও ফজলুল হক। এঁদের মধ্যে এমরান, শোয়েব ও গিয়াস ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী রাখা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, গুদাম থেকে সোনা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা ও শুল্ক আইনে করা মামলায় তদন্ত শেষে নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। কাল (আজ বুধবার) অভিযোগপত্রটি গ্রহণের বিষয়ে শুনানি হবে আদালতে।
গত বছরের ৮ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ি এলাকার এসি মেলা নামের একটি গুদামে অভিযান চালিয়ে ১৪ কেজি ওজনের ১২০টি সোনার বার, ৫ কেজি ৮০০ গ্রাম ওজনের অলংকারসহ ২০ কেজি সোনা উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা নগর ডিবির পরিদর্শক কেশব চক্রবর্তী বলেন, আসামিরা পরস্পর যোগসাজশ করে দুবাই থেকে গৃহস্থালি পণ্যের আড়ালে সোনা নিয়ে এসেছিলেন। উদ্ধার করা সোনার বৈধ কাগজপত্র তাঁরা দেখাতে পারেননি।