চাঁদপুরের হাজীগঞ্জের সেই আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ধর্ষণের শিকার শিশুর মামাসহ নয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ।১৫ মে মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন চাঁদপুরে জেনারেল রেজিস্টার অফিসারের (জিআরও) কাছে অভিযোগপত্র জমা দেন।জিআরও মো. শফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, অভিযোগপত্রটি আগামী ১৭ জুন নিম্ন আদালতে উপস্থাপন করা হবে। এরপর মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে স্থানান্তর করা হবে।এদিকে ধর্ষণের শিকার শিশুর বাবার অভিযোগ, তাঁকে না জানিয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তিনি জানান, কৌশলে অভিযোগপত্র থেকে কয়েকজন আসামির নাম বাদ দেওয়া হয়েছে।অভিযোগপত্রভুক্ত ব্যক্তিরা হলেন: কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক আবদুল জলিল, মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম আবদুল হাই, মাদ্রাসার কম্পিউটার বিষয়ের শিক্ষক কাউসার আহমেদ, গণিতের শিক্ষক আবুল খায়ের, শিক্ষক মো. মহিউদ্দিন, মো. ইলিয়াছ বকাউল, আবুল কাসেম, মাদ্রাসার মসজিদের ইমাম মো. মাসুদুর রহমান এবং মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য আবদুর রব খান।অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ৩ আগস্ট শিক্ষক আবদুল জলিল (৫৭) একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেন। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম আবদুল হাই মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকাবাসীকে নিয়ে গত ৫ জানুয়ারি সালিস বৈঠক করেন। বৈঠকে শিশুর বাবার অমতে জলিলের সঙ্গে সাড়ে ১১ বছরের ছাত্রীর বিয়ে দেন অধ্যক্ষ।শিশুটির বাবা এ বিয়ে না মেনে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা করেন।গত ১৯ এপ্রিল মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) একটি কন্যাসন্তানের জন্ম দেয়।মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, ‘আমাকে না জানিয়ে পুলিশ মামলার অভিযোগপত্র জমা দিয়েছে। অধ্যক্ষের সঙ্গে আঁতাত করে ঘটনার সঙ্গে জড়িত অধ্যক্ষের দুই ভায়রা সিরাজুল ইসলাম ও মকবুল হোসেনের নাম অভিযোগপত্রে আনেনি পুলিশ।’মেয়ের মামা ইলিয়াছ বকাউলের অভিযোগ, মেয়ের বাবা ও তাঁকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক বিয়ে পড়িয়েছেন অধ্যক্ষ। তিনি জানান, মামলা হালকা করার জন্য অধ্যক্ষের প্ররোচনায় পুলিশ তাঁর নাম অভিযোগপত্রে এনেছে।ধর্ষণের শিকার মেয়ের মামাকে অভিযুক্ত করা প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কাবিননামায় ইলিয়াছ বকাউলের স্বাক্ষর থাকায় তাঁকে আসামি করা হয়েছে। তবে ইলিয়াছ বকাউলের দাবি, তিনি কাবিননামায় স্বাক্ষর করেননি।