রাজধানীর জুরাইনের আলমবাগে ফারজানা রিতা ও তাঁর দুই শিশুসন্তানকে আত্মহত্যায় প্ররোচিত মামলার তদন্ত শেষে এ মাসেই (জুলাই) অভিযোগপত্র দেওয়া হচ্ছে। রিতার স্বামী রাশেদুল কবির, শ্বশুর শফিকুল কবির, শাশুড়ি, দুই ননদসহ নয়জনের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়া হচ্ছে বলে জানা গেছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, তাঁরা ইতিমধ্যে এই মামলার তদন্ত শেষ করেছেন। তদন্তে ঘটনাটি প্ররোচিত আত্মহত্যা বলে যাবতীয় তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এতে এজাহারভুক্ত আটজনসহ নয়জনকে আসামি করা হচ্ছে।মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম কয়েক দিন আগে সাংবাদিকদের বলেছিলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এবং অন্যান্য তথ্য-প্রমাণ থেকে এটি যে প্ররোচিত আত্মহত্যা, সে সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে। অভিযোগপত্র দেওয়ার মতো তথ্য-প্রমাণ পুলিশের হাতে এসেছে।পুলিশ জানায়, এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রিতার গাড়িচালক আল আমিন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্যতম আসামি শফিকুল কবির ও তাঁর পরিবারের সবাইকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।গত ১১ জুন আলমবাগের বাসা থেকে ফারজানা, তাঁর ছেলে ইশরাক পাবন (১৩) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে তারা তাদের আত্মহত্যা ও পারিবারিক অশান্তির বিভিন্ন অভিযোগ ঘরের দেয়াল ও কাগজে লিখে যায়। এসব লেখায় এজাহারভুক্ত সব আসামির নাম রয়েছে। রাশেদুলের দ্বিতীয় বিয়েতে রিতার কোনো আপত্তি নেই—এ কথা লেখা একটি কাগজে জোর করে সই নেওয়া হয় বলেও দেয়ালে লেখা রয়েছে।মেয়ে ও নাতি-নাতনির মৃত্যুর ঘটনায় রিতার মা কদমতলী থানায় একটি মামলা করেন। মামলায় রাশেদুল কবির, তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, বাবা শফিকুল কবির, মা নূর বানু, বোন সুখন কবির ও কবিতা কবির, কবিতার স্বামী দেলোয়ার হোসেন ও গাড়িচালক আল আমিনকে আসামি করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে। তদন্ত শেষে আল আমিনের কাছে ঘুমের ওষুধ বিক্রি করা আবদুল গাফফারকেও আসামি করা হবে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়। গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম আজাদ খান প্রথম আলোকে বলেন, স্বীকারোক্তি ছাড়াও এটি যে প্ররোচিত আত্মহত্যা, তার সপক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত প্রতিবেদন ও সিআইডির হস্তলিপিবিশারদের প্রতিবেদন পুলিশের হাতে এসেছে। এতে তাদের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।