নয়জনের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধূকে সালিস বৈঠকে জুতাপেটা করার ঘটনায় হাইকোর্টের রুল জারির পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। গ্রেপ্তার করেছে তিনজনকে।পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে এ মামলা করেন। এ ঘটনায় আগেই আটক ফোরকান মোল্লা ও আবুল হাশেমকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া গতকালই গ্রেপ্তার করা হয়েছে নূরুল ইসলামকে। তাঁদের তিনজনকে গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, ভুক্তভোগী গৃহবধূ মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ মামলা করেছে। মামলার অন্য আসামি বরকত খান, জসিম মোল্লা, রেজাউল হক, রহিম খান, নিজাম হাওলাদার ও মো. রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।উল্লেখ্য, প্রতিবেশী এক যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ২৪ সেপ্টেম্বর গলাচিপায় এক সালিস বৈঠক বসিয়ে ওই গৃহবধূকে জুতাপেটা করা হয়।এ ঘটনায় বুধবার প্রথম আলোয় ‘গৃহবধূকে সালিস বৈঠকে জুতাপেটা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর এ দিনই বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সেই মর্মে একটি রুল জারি করেন।