নয়জনের ভাতের বোঝা বয়ে বেড়ায় শিশু রাসেল
দুপুরের প্রখর রোদ কিংবা অঝোর ধারার বৃষ্টি, কোনো কিছুতেই বাঁধ নেই। এর মধ্যেই ছোট দুই কাঁধ ও হাতে খাবারের বাটি (টিফিন ক্যারিয়ার) নিয়ে গন্তব্যে ছুটে চলেছে এক শিশু। রোদ-বৃষ্টি থেকে বাঁচতে সঙ্গে ছাতা থাকলেও হাতে বাটি থাকায় তা খোলারও সুযোগ নেই। শিশুটির নাম মো. রাসেল। নিত্যদিনের মতোই গতকাল রোববার ভরদুপুরে বাটি কাঁধে নিয়ে যাওয়ার সময় কথা হয় তাঁর সঙ্গে। জানায়, নিজের সংগ্রামের কথা। শরীরটা তখন ঘামে ভিজে চপচপ করছে। ১২ বছরের রাসেলের পড়াশোনা দ্বিতীয় শ্রেণী পর্যন্ত। বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেলছড়ি গ্রামে। বাবা মো. হানিফ কয়েক বছর আগেই মারা গেছেন। দুই ভাইয়ের ছোটটি মাদ্রাসায় পড়ে। মা মাফিয়া বেগম কাজ করেন তামাক খেতে। বাবা মারা যাওয়ার পর সংসারের বোঝা এসে পড়ে তার কাঁধে। বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে খাবারের এই বোঝা টানার কাজ নেয়। রাসেল জানায়, স্থানীয় থানা থেকে বেশ কিছুটা দূরে মাইনী ব্রিজ পুলিশ ফাঁড়িতে নয়জনের খাবার বয়ে নেওয়ার কাজ করে সে। এতে মাসে বেতন পায় আড়াই হাজার টাকা। প্রতিদিন দুপুর ও সন্ধ্যায় কাঁধের দুই পাশে দুই ভারে চারটি করে আটটি বাটি এবং হাতে একটিসহ নয়টি বাটি তাকে টানতে হয়।ভাত, তরকারিসহ প্রতিটি বাটির ওজন প্রায় দুই কেজি। দুই বেলা এভাবে খাবারের ভার টানতে তার কষ্ট হয়। কিন্তু তাতেও যে উপায় নেই। এ কাজে যে টাকা পায় সে টাকায়ও সংসার চলা দায়। তার কথায়, ‘পড়ালেখা করতে খুব ইচ্ছা হয়, কিন্তু কাজের জন্য পারি না। বাবা বেঁচে থাকলে হয়তো এ বয়সে খাবারের বোঝা টানতে হতো না।’