ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মলয় কুমার বোসকে হত্যার দায়ে নয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১২ জনকে যাবজ্জীবন এবং একজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন ইমামুল হোসেন তারা মিয়া, বকুল মাতব্বর, মিজানুর রহমান, মামুন মাতব্বর, হাসেম মোল্লা, মোশারফ মোল্লা, মনিরুজ্জামান শেখ, উজ্জ্বল বেপারী ও বেলায়েত হোসেন। এদের মধ্যে মনিরুজ্জামান পলাতক আছেন। রায়ে বলা হয়, আসামি মনিরুজ্জামানের গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের তারিখ থেকে এই রায় কার্যকর হবে।যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন আজাদ মোল্লা, সোহেল মিয়া, আমিনুল মাতব্বর, সাত্তার মোল্লা, নজরুল শেখ, নসরু খান, হাতেম মোল্লা, ওলিয়ার রহমান, ইমরান মাতব্বর, আক্কাস শিকদার, মিরাজ সরদার ও সেন্টু মাতব্বর। দুই বছর কারাদণ্ড পাওয়া আসামি হলেন জাহাঙ্গীর ফকির। গতকাল এই মামলায় কারাগারে আটক ২৭ আসামিকে আদালতে হাজির করা হয়। আসামি মনিরুজ্জামান, জাহাঙ্গীর ফকির ও আক্কাস পলাতক আছেন। মামলার বিবরণে বলা হয়েছে, গত বছরের ৭ ফেব্রুয়ারি চেয়ারম্যান মলয় কুমার বোস তাঁর সঙ্গী সোহাগ খানের মোটরসাইকেলে চড়ে ফরিদপুর থেকে নিজের কার্যালয়ে যাচ্ছিলেন। পূর্বশত্রুতার জের ধরে আসামিরা রনকাইল এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করে ও সোহাগ খানকে গুরুতর আহত করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম, আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, কাজী নজিব উল্যাহ। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী টি এম আকবর ও শরফুদ্দিন মুকুল।