নয়জনের স্থলে আছেন তিন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকসহ লোকবল ও চিকিৎসা-উপকরণের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সেবা কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে। সরেজমিনে ১৪ জুলাই সকাল নয়টায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কোনো চিকিৎসক দেখা যায়নি। বহির্বিভাগে রোগীদের জন্য নির্ধারিত টিকিট কাউন্টার ও ওষুধ প্রদানকারী ফার্মাসিস্টের কক্ষও বন্ধ পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ খোলা থাকলেও বেশির ভাগ কক্ষই ছিল ফাঁকা। বহির্বিভাগের সামনে দাঁড়িয়ে কথা হয় জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মর্জিনা বেগমের (৫০) সঙ্গে। চার বছর বয়সী অসুস্থ নাতনি প্রিয়ার চিকিৎসার জন্য সকাল আটটা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় দাঁড়িয়ে আছেন তিনি। সকাল ১০টা থেকে রোগী দেখা শুরু করেন চিকিৎসা কর্মকর্তা জুলিয়েট পারউইন। এ সময় নারী ও শিশুরোগীরা তাঁর কক্ষের সামনে হুমড়ি খেয়ে পড়ে। হাসপাতালে আসা রোগী ও স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এটাই নিত্যদিনের চিত্র। খোঁজ নিয়ে জানা যায়, কমপ্লেক্সের নিচতলায় জুলিয়েট পারউইন একমাত্র এমবিবিএস চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তা ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় স্টাফ নার্সদের কাছ থেকে হিসাব-নিকাশে ব্যস্ত দেখা গেল অন্তর্বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহকারী সার্জন নাজমুল আরেফীনকে। অন্তর্বিভাগে চিকিৎসাধীন কালা গ্রামের বদর উদ্দিন (৬০) অভিযোগ করেন, ‘সাত দিন ভর্তি থাকলেও টানা পাঁচ দিন সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। দুই দিন থেকে নামমাত্র কিছু ওষুধ দিলেও এ সময়ে আরও দেড় হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে।’ একই অভিযোগ বদ্যিনাথপুরের জাফর আলীর (৪৫)। নিয়ম অনুযায়ী হাসপাতালে ভর্তিরত রোগীদের সকালে দুটি পাউরুটি, দুটি কলা ও একটি ডিম এবং দুপুর ও রাতে পালাক্রমে একবার মাছ ও একবার মাংস দেওয়ার কথা থাকলেও তা কোনো দিনই মানা হয় না। খাবারের ঠিকাদারের প্রতিনিধি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা জানান, প্রতি শুক্রবার ব্রয়লার মুরগির মাংস দেওয়া হয়ে থাকে। রোগীদের সঙ্গে আলাপকালে জানা যায়, সকালে একটি ছোট কলা, একটি ডিম ও একটি পাউরুটি এবং দুপুর ও রাতে সিলভার কার্প মাছ ও পাতলা ডাল অথবা সবজি দেওয়া হয়। মুঠোফোনে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, প্রশাসনিক কাজে তাঁকে প্রায়ই বাইরে থাকতে হয়। অন্যরা চিকিৎসা দিতে গিয়ে বেসামাল হয়ে পড়েন। প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ, অ্যাম্বুলেন্স সচলসহ সমস্যা সমাধানের বিষয়ে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য উচ্চপর্যায়ে লিখিত জানানো হয়েছে।