নয়টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে কাল শুরু হচ্ছে এমআরপি কার্যক্রম
দেশের নয়টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আগামীকাল রোববার ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রমে কারিগরি সহায়তা দিতে ওই কার্যালয়গুলোতে সেনা মোতায়েন থাকবে। ১ এপ্রিল ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রকল্পের আওতায় ঢাকার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এই পাসপোর্ট দেওয়ার কার্যক্রম শুরু হয়।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার জানানো হয়, রোববার চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, যশোর, রাজশাহী ও রংপুরে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে ও সরকারি আদেশে এ নয়টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সেনাসদস্যরা প্রয়োজনীয় ফরম পূরণ, রেকর্ড সংরক্ষণ ও কম্পিউটার এন্ট্রি করার কাজে সহায়তা করবেন।