নয়টি আদিবাসী পরিবারের খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
নওগাঁর ধামইরহাটে আদিবাসী ও মুক্তিযোদ্ধা নয়টি পরিবারের খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক ৮-১০টার দিকে উপজেলার জগদল ও জগৎনগর গ্রামের নয়টি পরিবারের বাড়ির বাইরে খলিয়ানে (বাড়ির সামনের চত্বর) রাখা খড়ের পালায় দুর্বৃত্তরা পর্যায়ক্রমে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনী ও স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওসব খড়ের পালা কোনোটি আংশিক ও কোনোটি সম্পূর্ণ পুড়ে যায়। গবাদিপশুর প্রধান খাদ্য এবং জ্বালানি হিসেবে এলাকার কৃষকেরা বাড়ির খলিয়ানে পালা দিয়ে খড়গুলো সংরক্ষণ করেছিলেন।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন জগৎনগর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, কমল মুরমু, ভায়া মার্ডি, রেসকা মার্ডি, রবেন মিস্ত্রি, জগদল গ্রামের মুক্তিযোদ্ধা লুকাস মার্ডি, ইজিকেল টুডু ও বেনীদুয়ার মিশনপাড়া গ্রামের ইমেলদা মারান্ডি ও শিরিল সরেন।