ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে নয়টি আসন ফাঁকা রেখেই ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে নয়জন শিক্ষার্থীর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশা অনিশ্চিত হয়ে পড়েছে।বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেখানে শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না, সেখানে আসন ফাঁকা রেখে ভর্তির কার্যক্রম বন্ধ করে দেওয়াটা ওই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা ছাড়া আর কিছুই নয়।কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ভর্তি কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। খালি আসন থাকার বিষয়ে জানতে চাইলে তিনি এ ব্যাপারে খোঁজখবর নেবেন বলে জানান।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে ভর্তি-প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ এখন পর্যন্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগে পাঁচটি এবং রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগ, ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগ, বাংলা বিভাগ এবং আইন ও শরিয়াহ্ অনুষদভুক্ত আল-ফিকাহ্ বিভাগে একটি করে আসন খালি রয়েছে।এদিকে ভর্তি-ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, প্রয়োজনে তাঁরা সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করবেন।