নয়টি গ্রামের মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগৈলঝাড়ায় অসময়ে সেতু নির্মাণ করতে খালে বাঁধ দেওয়ায় পানের বরজে পানি উঠেছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
আগৈলঝাড়ায় অসময়ে সেতু নির্মাণ করতে খালে বাঁধ দেওয়ায় পানের বরজে পানি উঠেছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

নির্ধারিত সময়ের পর বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট খালের সংযোগ মুখে বাঁধ দিয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে বৃষ্টির পানি জমে উপজেলার তিনটি ইউনিয়নের নয়টি গ্রামের অন্তত ১২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে মাছের ঘের, পানের বরজ ও সবজিখেত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুযায়ী শুষ্ক মৌসুমে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানেনি। বর্ষা মৌসুমে কাজ শুরু করায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর প্রতিকার ও ক্ষতিপূরণ চেয়ে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা যায়, আগৈলঝাড়া-পয়সারহাট খালের সংযোগ মুখে আগৈলঝাড়া বাজারের পশ্চিম পাশে এলজিইডির বরিশাল কার্যালয় একটি সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয়। প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয় ২০১৪ সালের মার্চে। বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ১৭ লাখ টাকা। এটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইফউদ্দিন ট্রেডার্স। শর্ত অনুযায়ী ২০১৫ সালের নভেম্বরে কাজ শুরু করে চলতি বছরের জানুয়ারিতে তা শেষ করার কথা।

বাকাল গ্রামের রাজেশ্বর বাড়ৈ (৪৫) ও গৈলা গ্রামের সানাউল্লাহ মোল্লা (৩২) বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েক দিন আগে খালে বাঁধ দিয়ে সেতুর নির্মাণকাজ শুরু করেছে। বৃষ্টির পানি বের হতে না পারায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খালে বাঁধ দেওয়ায় উত্তর দিকের রাজিহার ইউনিয়নের রাজিহার, বাকপাড়া ও রাংতা, বাকাল ইউনিয়নের বাকাল, ফুলশ্রী ও জবসন এবং গৈলা ইউনিয়নের গৈলা, সুজনকাঠী ও শিহিপাশা গ্রামের অন্তত ১২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের হিসাবে জলাবদ্ধতায় অনেক মাছের ঘের, বরজ ও ফসলের খেত তলিয়ে গেছে যাতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

জবসেন গ্রামের পানচাষি আবু তালেব (৪৫) বলেন, ‘ধারদেনা করে ২০ শতাংশ জমিতে পান চাষ করেছিলাম। ফলন ভালো ছিল। কিন্তু জলাবদ্ধতার কারণে সব শেষ।’ ফুলশ্রী গ্রামের খলিলুর রহমান (৩২) জানান, তাঁর ঘেরের মাছ ভেসে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। একইভাবে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন, রাংতা গ্রামের সিরাজুল ইসলাম, রাজিহার গ্রামের জলিল ব্যাপারী, বাকপাড়া গ্রামের হাফিজুর রহমান, সুজনকাঠির নেছার উদ্দিনসহ অনেকেই।

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইফউদ্দিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আবদুল ওহাবের মুঠোফোনে ফোন করার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান দাবি করেন, ‘কার্যাদেশের সময়সীমার মধ্যে নির্মাণকাজ শুরু হয়েছে। পুরোনো সেতুটি ভেঙে পড়ায় সমস্যা দেখা দিয়েছে। জলাবদ্ধতা দূর করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দু-চার দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।’

ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে গত রোববার দুপুরে আগৈলঝাড়া উপজেলার দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদারের কাছে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। শতরূপা তালুকদার বলেন, ‘বাঁধ দিয়ে সেতু নির্মাণ করা হলে জলাবদ্ধতার সৃষ্টি হবে কি না, তা আগেই এলজিইডির উপজেলা প্রকৌশলীর কাছে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। তারপরও কেন সমস্যা দেখা দিয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

এলজিইডির আগৈলঝাড়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ‘দ্রুত সময়ে বাঁধে বড় আকারের পাইপ স্থাপন করা হবে। এতে জলাবদ্ধতার সমস্যা দূর হবে।’