নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ রোববার কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশন এলাকা ও ঈশ্বরদীতে অভিযান চালিয়ে রাজশাহী থেকে চুরি হওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধার ও দুজন চোরাই মোটরসাইকেল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। একই দিনে পুলিশ সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গত কয়েক মাসে রাজশাহীতে অন্তত ৩০টি মোটরসাইকেল চুরি হয়েছে। এসব মোটরসাইকেল উদ্ধারের জন্য পুলিশ গত ৩১ অক্টোবর থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছয়জন মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার পুলিশ ভেড়ামারা রেলস্টেশনসংলগ্ন আমিরুল ইসলামের মালিকানাধীন জিএম অটো থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে। এরপর পুলিশ একই এলাকার মোবারক হোসেনের গ্যারেজ থেকে ছয়টি মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশ মোবারক হোসেনকে গ্রেপ্তার ও তাঁর তথ্য অনুযায়ী পাবনার ঈশ্বরদীর সাহাপুর এলাকা থেকে চোরাই মোটরসাইকেল ব্যবসায়ী রায়হানুল হককে গ্রেপ্তার করে। পুলিশ তার কাছ থেকে একটি লাল রঙের মোটরসাইকেল উদ্ধার করে। একই দিনে চুরির সঙ্গে জড়িত সন্দেহে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, ওই তিনজনকেই পাঁচ-ছয়টি মামালায় গ্রেপ্তার দেখানো হয়েছে।