নয়টি ছাত্রসংগঠনের সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব বর্জনের ঘোষণা
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের নয়টি ছাত্রসংগঠন ঢাকায় অনুষ্ঠেয় সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব বর্জনের ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার ছাত্রসংগঠনগুলোর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, আগামী ৩ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসবের নথিপত্রে সরকার ইচ্ছাকৃতভাবে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ প্রত্যয় ব্যবহার করে বাংলাদেশে বসবাসরত আদিবাসী নাগরিকদের আত্মমর্যাদা ও অস্তিত্বকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এটি শাসকগোষ্ঠীর সংকীর্ণতা ও মানসিক দৈন্যতার বহিঃপ্রকাশ।বিবৃতিতে বলা হয়, ‘কেন্দ্রীয় পর্যায়ে আদিবাসীদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হলো পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। অথচ এ মন্ত্রণালয় আদিবাসীদের পরিচয়কে দেশবাসীর কাছে যথাযথভাবে তুলে ধরার পরিবর্তে “ক্ষুদ্র নৃগোষ্ঠী” প্রত্যয় ব্যবহারের মাধ্যমে আদিবাসীদের অস্তিত্ব ও সত্তায় চরমভাবে আঘাত করেছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এই আচরণে আমরা ক্ষুব্ধ ও মর্মাহত।’সংগঠনগুলো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণে আইন প্রণয়ন, আদিবাসী জনগোষ্ঠীর স্বাধীন মতামত ও পূর্বানুমোদন ছাড়া আদিবাসী-অধ্যুষিত অঞ্চলে কোনো কার্যক্রম গ্রহণ না করা, আদিবাসীদের স্বার্থসংশ্লিষ্ট সব কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন-প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পার্বত্যচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে।বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি সাধন ত্রিপুরা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংশিপ্রু মারমা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফোরামের সভাপতি কৃষ্ণময় তঞ্চঙ্গ্যা, ম্রো স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি য়াংঙান ম্রো, খ্যাং স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক হ্লাঅং প্রু খ্যাং, চাক স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি বাচিং চাক, বম স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি লাল থংসাং বম, খুমী স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি লেলুং খুমী ও আসাম (অহমিয়া) স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি বাবলি আসাম।