ফরমালিনযুক্ত ফল বিক্রির দায়ে সিলেট নগরের নয়টি ফলের দোকান থেকে ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নগরের বন্দরবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এ অভিযান পরিচালনা করে। র্যাব সূত্র জানায়, বন্দরবাজারের সিলেট ফুড সেন্টার থেকে পাঁচ হাজার টাকা, মাসুম ফল ভান্ডার থেকে ১৫ হাজার, ফ্রেন্ডস সোসাইটি থেকে পাঁচ হাজার, সাদেক ফল ভান্ডার থেকে ১৫ হাজার, আক্তার ফুড থেকে পাঁচ হাজার, মোসাফির ফ্রেন্ডস সেন্টার থেকে পাঁচ হাজার, মেহেবুব ফল ভান্ডার থেকে তিন হাজার এবং ফ্রেন্ডস সোসাইটি ও ডিপার্টমেন্টাল স্টোর থেকে ১৫ হাজার টাকা আদায় করা হয়। জরিমানার মোট ৬৮ হাজার টাকা গতকাল বুধবার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে র্যাব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। বিষমুক্ত খাবারের দাবিতে আজ মানববন্ধন: ভেজাল ও বিষমুক্ত খাবারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার যৌথভাবে মানববন্ধন করবে নারী সেল (সিপিবি) ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বেলা ১১টায় মানববন্ধন হবে।