নয়টি বালুমহাল ইজারা দেওয়া হচ্ছে, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্ত উপেক্ষা করে ভূমি মন্ত্রণালয় আবারও সোনারগাঁয়ে মেঘনা নদীর নয়টি বালুমহাল ইজারা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নদীর তীরবর্তী গ্রামগুলোর মানুষেরা গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মেঘনা নদীর নয়টি বালুমহালে পর্যাপ্ত বালু না থাকা, বালু কাটা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটা, ইজারা নেওয়ার নাম করে কৃষকের নদীপাড়ের ফসলি জমির মাটি লুট এবং পরিবেশ ও নদীর গতিপথ বদলে যাওয়ার প্রেক্ষাপটে উপজেলা, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথ সভা করে এ বছর থেকে বালুমহালগুলোর ইজারা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত চিঠির মাধ্যমে ভূমি মন্ত্রণালয়কে জানানো হয়। কিন্তু মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তকে উপেক্ষা করে। ১১ এপ্রিল ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ের নয়টি ও আড়াইহাজারের চারটি বালুমহাল ইজারা দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। জেলা প্রশাসক ১৭ এপ্রিল সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে বালুমহালগুলোর জন্য দরপত্র আহ্বান করেন।

এ খবর জানার পর গতকাল বিকেলে মেঘনা নদীর নুনেরটেক ও চরকিশোরগঞ্জ গ্রামের বাসিন্দারা নদীর তীরে বিক্ষোভ করেন। ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, ‘বালুমহালগুলোতে বর্তমানে বালু নেই। তাই ইজারাদারেরা অবৈধভাবে কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেন। কিন্তু মন্ত্রণালয় রাজস্বের কথা বিবেচনায় নিয়ে মহালগুলোর ইজারার সিদ্ধান্ত নেয়।’