নয়টি বিভাগে উন্নয়ন ফি বৃদ্ধি, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নয়টি বিভাগে বিভাগ উন্নয়ন ফি পাঁচ শ টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফি বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

আজ রোববার থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম শুরু হওয়ার পর নয়টি বিভাগে উন্নয়ন ফি বৃদ্ধির বিষয়টি জানা যায়।
বিভিন্ন বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, এ বছর অর্থনীতি বিভাগে উন্নয়ন ফি পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে সাত হাজার টাকা করা হয়েছে। ভূগোল ও পরিবেশ বিভাগে চার হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। নৃবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগে পাঁচ শ টাকা করে বাড়িয়ে যথাক্রমে পাঁচ হাজার ও ছয় হাজার টাকা করা হয়েছে। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে এক হাজার টাকা বাড়িয়ে নয় হাজার টাকা করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ছয় হাজার টাকা। এ ছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগে দুই হাজার টাকা বাড়িয়ে আট হাজার টাকা ও প্রাণিবিদ্যা বিভাগে দুই হাজার টাকা বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে। আর রসায়ন বিভাগে উন্নয়ন ফি দুই হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে আট হাজার টাকা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়নের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিউর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে থেকে ছাত্র-ছাত্রীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। সবার অর্থনৈতিক অবস্থা সচ্ছল নয়। এভাবে ফি বাড়ানো তাদের জন্য বোঝা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটা বোঝা উচিত।
এভাবে বিভাগ উন্নয়ন ফি বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগ উন্নয়ন ফি বাড়ানোর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি জানায়।
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম মোবাইলে প্রথম আলোকে বলেন, ‘বিভাগ উন্নয়ন ফির বিষয়টি আমরা বিভাগের ওপর ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমরা যেহেতু প্রয়োজনীয় অর্থ দিয়ে তাদের সহায়তা করতে পারি না, তাই তাদের ফি কিছুটা বাড়াতে হয়। তবে ফি বৃদ্ধি সীমিত রাখার কথাও বলেছিলাম।’