নেত্রকোনা-কলমাকান্দা সড়কের আশারানী খালের ওপর বেইলি সেতুটির পাটাতন গত বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে সরে যায়। এ কারণে সড়কটিতে প্রায় সাড়ে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে নয়টি বেইলি সেতু আছে। সবগুলোই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে আশারানী খাল ও আধা কিলোমিটার দূরের গোমাই নদীর ওপরের সেতু দুটির পাটাতন কয়েক দিন পরপর ভেঙে যায়। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বারবার জোড়াতালি দেয়।
সওজ, স্থানীয় বাসিন্দা ও উপজেলা চেয়ারম্যানের কার্যালয় সূত্র জানায়, আশারানী খালের ওপর বেইলি সেতুটি দিয়ে প্রতিদিন অনেক মানুষ এবং বালুভর্তি ট্রাক, লরি, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের কয়েক শ যানবাহন চলাচল করে। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে বালুভর্তি একটি ট্রাক বেইলি সেতুটিতে উঠলে মাঝের দুটি পাটাতন সরে যায়। এ কারণে সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অন্তত চার কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে সওজের লোকজন এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে সেতুটি মেরামত করে। রাত সাড়ে ১২টার দিকে সড়কটিতে যান চলাচল শুরু হয়।
ওই সময় বাসে আটকা পড়া বারহাট্টা উপজেলার চল্লিশ কাহনীয় উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সলিল চক্রবর্তী বলেন, ‘স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক মিলে সাতটি বাস নিয়ে দুর্গাপুরের পিকনিকে গিয়েছিলাম। ফেরার সময় সেতুটির পাটাতন সরে যাওয়ায় রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অপেক্ষা করতে হয়।’
সওজ বলছে, সেতুটি দিয়ে পাঁচ টনের বেশি মাল বহন করা নিষিদ্ধ। এ বিষয়ে সতর্কবার্তাও টানানো হয়েছে। কিন্তু এ নির্দেশ না মেনে প্রতিদিন সেতুটি দিয়ে ৩০ থেকে ৩৫ টনের বেশি মাল নিয়ে যাওয়া হচ্ছে।
কলমাকান্দার ঘনিচা গ্রামের মো. ওমর ফারুক তালুকদার বলেন, গত চার মাস আগে সেতুটি ভেঙে গিয়ে এক দিন যান চলাচল বন্ধ ছিল।
কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফকরুল ইসলাম ফিরোজ বলেন, সেতুটি কিছুদিন পরপর এভাবে ভাঙে। এরপর সওজের প্রকৌশলীকে জানালে তাঁদের লোক এসে জোড়াতালি দিয়ে যায়। এটি ভেঙে পাকা করা দরকার।
নেত্রকোনা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, সড়কের নয়টি বেইলি সেতুই ঝুঁকিপূর্ণ। সেতুগুলো পাকা করার পরিকল্পনা রয়েছে। কিন্তু সময় লাগবে।