নয়টি বেইলি সেতুই নড়বড়ে, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। এ সড়কে নয়টি বেইলি সেতু রয়েছে। সব কটি সেতুই নড়বড়ে হয়ে গেছে। জোড়াতালি দিয়ে চলছে। ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে কয়েক শ যানবাহন।
জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কে বাউসি এলাকায় কংস নদের ওপর, নিশ্চিন্তপুর এলাকার ডোবার ওপর, তেগুরিয়া বাজারসংলগ্ন ডোবার ওপর, হিরাকান্দা খালের ওপর, গোমাই নদের ওপর, গুতুরা খালের ওপর, পাঁচউড়া ডোবার ওপর, ডুবিয়ারকোনা খালের ওপর এবং ডেইট্টাখালি খালের ওপর বেইলি সেতু রয়েছে। এসব সেতু আশির দশকে নির্মাণ করা হয়। প্রয়োজনীয় সংস্কারের অভাবে সব কটি সেতুই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে বাউসি সেতু ও গোমাই সেতুটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
সরেজমিনে ১২ অক্টোবর দুপুরে দেখা গেছে, বাউসি সেতুর ওপরের পাটাতন স্থানে স্থানে সরে গেছে। বিভিন্ন যানবাহন ৫৬ মিটার দীর্ঘ সেতুটির ফাঁকা অংশ এড়িয়ে চলাচল করছে। পুরো সেতুতে ৬৭২টি তালি দেখা গেছে। আর গোমাই সেতুতে রয়েছে ৪৫৩টি জোড়াতালি।
স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেন, সেতুর ওপর ভারী যানবাহন উঠলে কাঁপতে থাকে। এতে চালক ও যাত্রীরা ভেঙে পড়ার আতঙ্কে থাকেন। এদিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটি অন্তত সাত মাস ধরে যান চলাচলের অনুপযোগী হওয়ায় কলমাকান্দার পাশের উপজেলা দুর্গাপুরের যাত্রী ও মালবাহী যানগুলো এ সড়ক দিয়েই চলাচল করে। ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের সেতুগুলো সরু। এ কারণে একসঙ্গে একাধিক বড় যান এমনিতেই চলাচল করতে পারে না। একটি ট্রাক বা বাস সেতু দিয়ে যাওয়ার সময় অপর পাশের যানচালকেরা অপেক্ষা করেন।
বাসচালক হাসেম আলী বলেন, এ রাস্তা দিয়ে তাঁকে প্রতিদিন কলমাকান্দা উপজেলায় যাতায়াত করতে হয়। বাস নিয়ে সেতুর ওপর উঠলেই তা কেঁপে ওঠে। তখন খুব ভয় হয়—এই বুঝি দুর্ঘটনা ঘটল!
ট্রাকচালক জসিম মিয়া বলেন, ‘গাড়ির লোড বেশি হলে খুব আতঙ্কের মধ্য দিয়ে এই সেতুগুলো পার হই। যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করি।’
কলমাকান্দা উপজেলার পনারপারুয়া গ্রামের সঞ্জয় কুমার দত্ত বলেন, তিনি নিয়মিত মোটরসাইকেলে করে এই সেতুগুলো পার হন। সেতুগুলোর অনেক পাটাতনের সংযোগস্থল ক্ষয় হয়ে ধারালো ও পিচ্ছিল হয়ে গেছে। ধারালো অংশে লেগে যানবাহনের চাকা অনেক সময় ফেটে যায় এবং পিচ্ছিল অংশে লেগে চাকা পিছলে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে যেতে হয়।
বাউসি সেতুর পাশের দশধার গ্রামের বাসিন্দা জমসের আলী বলেন, সেতুটি দিয়ে প্রতিদিন কয়েক শ মালবোঝাই ট্রাক, বাস, লরিসহ বিভিন্ন ধরনের ভারী ও হালকা যানবাহন চলাচল করে। ভারী যান চলাচলের কারণে প্রায়ই সেতুর পাটাতন ভেঙে পড়ে। তখন সওজ কর্তৃপক্ষ সেই ভাঙা অংশে কয়েকটি পট্টি লাগিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করে।
এদিকে, গত ২৫ অক্টোবর সকালে গোমাই সেতু দিয়ে বালুবাহী একটি ট্রাক যাওয়ার সময় তিনটি পাটাতন নিচে পড়ে যায়। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পাটাতন স্থাপন করলে পরদিন সকালে আবার এ সড়কে যান চলাচল শুরু হয়।
সওজ বিভাগের নেত্রকোনা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মুফাখারুল ইসলাম বলেন, সেতুগুলোর ওপর দিয়ে সাত টনের বেশি মাল নিয়ে যান চলাচল নিষেধ করা হয়েছে। কিন্তু তা কেউই শুনছে না। এ কারণে মাঝে মাঝে পাটাতন ভেঙে পড়ে। তবে খবর পেলে সঙ্গে সঙ্গেই মেরামত করে দেওয়া হয়। বেইলির পরিবর্তে পাকা সেতু নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।