নয়টি শহরের ঝুঁকি মানচিত্র তৈরি করল সরকার
ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর শহরের ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি মানচিত্র তৈরি করেছে সরকার। এসব শহরের ভূমিকম্প প্রবণতা, মাটির গুণাগুণ, ভবন করার শর্তাবলি, ক্ষমতা ও উপযোগিতা ইত্যাদি পরীক্ষা করা হবে।
আজ মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে এক কর্মশালা ও জ্ঞানমেলার উদ্বোধন অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন। ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ শীর্ষক জাতীয় এ কর্মশালার আয়োজন করে সমন্বিত প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি)।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নগর ঝুঁকি মোকাবিলায় সরকার দক্ষ জনবল তৈরিতে ৬২ হাজার নগর স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেবে। ইতিমধ্যে ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে সরকার দেশের ৪০টি জেলার ১০৮টি উপজেলার ৩১২টি ইউনিয়নে বিভিন্ন ঝুঁকি হ্রাস স্কিম বাস্তবায়ন করেছে। এসব স্কিমগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় এলাকায় মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট ও টিউবওয়েল উচুঁকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থাকরণ ইত্যাদি। বড় ধরনের জলোচ্ছ্বাস বা বন্যার কবল থেকে গ্রামীণ জনগোষ্ঠীকে রক্ষার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সচেতনতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন উপকরণ, পুস্তক ও গবেষণাপত্র নিয়ে সাজানো জ্ঞানমেলার উদ্বোধন করেন ও স্টলগুলো পরিদর্শন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকর্তাবৃন্দ, দেশি-বিদেশি এনজিওর প্রতিনিধিগণ ও গবেষকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নরওয়ে দূতাবাসের উপপ্রধান হেনরিক উইডথ, ইউএনডিপির এ দেশীয় পরিচালক পলিন টেমেসিসি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, সিডিএমপির এনপিডি আবদুল কাইয়ুম অনুষ্ঠানে বক্তব্য দেন।