নয়টি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র বিতরণ আজ থেকে
চট্টগ্রামের নয়টি সরকারি বিদ্যালয়ে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ভর্তির আবেদনপত্র আজ মঙ্গলবার থেকে বিতরণ শুরু হচ্ছে। ১১ ডিসেম্বর বিকেল পর্যন্ত আবেদনপত্র নেওয়া যাবে। ১৩ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত তা জমা দেওয়া যাবে। ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করা যাবে, যার ঠিকানা হচ্ছে www.dcchittagong.gov.bd। প্রতিটি ভর্তির ফরমের জন্য ১০০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী এই দুটি শ্রেণীতে ভর্তি পরীক্ষা ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পঞ্চশ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। আর ২৪ ডিসেম্বর পঞ্চম শ্রেণীর ও ২৬ ডিসেম্বর ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল বিজ্ঞপ্তি আকারে ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিশ বোর্ডেও ফলাফল টাঙানো হবে। মো. সাইদুর রহমান আরও বলেন, ভর্তি ফরমে বিদ্যালয়ের নামের পরিবর্তে পছন্দক্রম অনুসারে বিদ্যালয়ের কোড নম্বর লিখতে হবে। নয়টি বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রে একই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি সম্মিলিত মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী নির্ধারিত বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে।