নয়মাইল বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু
খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের আশপাশের দুর্গম গ্রামবাসীর বিদ্যালয়ের সমস্যা অবশেষে দূর হয়েছে। সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত নয়মাইল ত্রিপুরাপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হয়েছে। গত মঙ্গলবার জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ও ২০৩ পদাতিক ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশিদ যৌথভাবে এর উদ্বোধন করেন।প্রথম আলোয় ২০১১ সালের ৭ আগস্ট ‘একটি স্কুলের জন্য এত কষ্ট!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে এলাকাবাসী নয়মাইল এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। খাগড়াছড়ির ২০৩ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে দীঘিনালা তেজস্বী বীর সেনা জোনের অর্থায়নে বিদ্যালয়টি নির্মাণ করা হয়।বিদ্যালয় উদ্বোধনের পর এক আলোচনা সভায় বক্তব্য দেন তেজস্বী বীরের অধিনায়ক লে. কর্নেল এ বি এম নওরোজ এহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, জাতীয় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক চন্দ্র কিশোর ত্রিপুরা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিরুময় ত্রিপুরা। পরে নতুন বিদ্যালয়ের জন্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা পাঁচ লাখ, ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন এক লাখ, মেরুং বাজারের সমাজসেবী কে এম কাজী ইসমাইল পাঁচ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। এ ছাড়া আমেরিকাপ্রবাসী এক ব্যক্তি ১০ হাজার টাকা বিদ্যালয়ের হিসাব নম্বরে পাঠিয়েছেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।