নয়া দিগন্ত, সংগ্রাম প্রতিনিধিকে প্রেসক্লাব থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক নয়া দিগন্ত ও সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধিদের লালমনিরহাট প্রেসক্লাব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রেসক্লাবকে জামায়াত-শিবিরমুক্ত করার অংশ হিসেবে গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া দুজন হলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ইকবাল হোসেন ও দৈনিক সংগ্রাম পত্রিকার লাভলু শেখ। প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহমেদুর রহমান ওই সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেন। এতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতির ধারা সমুন্নত রাখা, প্রেসক্লাবকে জামায়াত-শিবিরমুক্ত করতে নির্বাহী ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা হলো।
এ বিষয়ে কথা বলার জন্য দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি লাভলু শেখের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে নয়া দিগন্ত-এর জেলা প্রতিনিধি ইকবাল হোসেন বলেন, ‘প্রেসক্লাব রাজনৈতিক উদ্দেশে ক্ষমতার অপব্যবহার করেছে। আমাদের অব্যাহতি দেওয়া ঠিক হয়নি।’