নয়া নয় স্কুল, একটিও ব্যবহার করা যাচ্ছে না

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নির্মিত নিম্নমানের নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন প্রাথমিক শিক্ষা বিভাগের গলার কাঁটা হয়েছে। কাজের মান খারাপ হওয়ায় বিদ্যালয় ভবনগুলো গ্রহণ করতে পারছে না। এসব স্কুলের পুরোনো ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ত্রুটিপূর্ণ এসব ভবনেই ক্লাস চালাতে হচ্ছে বলে শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৩) আওতায় ২০১২-১৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বিদ্যালয়গুলো নির্মাণ করা হয়। এসব বিদ্যালয় নির্মাণে ৪৩ থেকে ৪৫ লাখ টাকা ব্যয় হয়। ২০১৪ সালে নির্মাণ শেষ হওয়া বিদ্যালয়গুলো ২০১৫ সালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উদ্বোধন করেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউইও) আবু আহমেদ জানিয়েছেন, বিদ্যালয়গুলোর পরিচালনা কমিটি থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী (বালু, সিমেন্ট, কংক্রিট, রড) ব্যবহার, পরিমিত মাত্রায় নির্মাণ উপকরণ না দেওয়া এবং দরজা-জানালা ও আসবাব মানসম্মত না হওয়ার অভিযোগ করা হয়। অভিযোগ তদন্তে বিদ্যালয় ভবনগুলোর মেঝে (ফ্লোর), দেয়াল ও ছাদে ফাটলসহ বিভিন্ন ত্রুটি পাওয়া যায়। এ ছাড়া বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। দরজা-জানালায় বন্ধ করা অথবা খোলা যায় না। সরবরাহ করা আসবাব ও খেলার উপকরণগুলো অত্যন্ত নিম্নমানের হওয়ায় ব্যবহার অনুপযোগী এবং শিশুদের জন্য বিপজ্জনক। এ কারণে ভবনগুলোর কাজের মানোন্নয়ন ও ত্রুটিমুক্ত করে হস্তান্তরের জন্য এলজিইডিকে জানানো হয়েছে। তবে পুরোনো ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই ত্রুটিপূর্ণ নতুন কোনো কোনো ভবনে শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনগুলো বাইরের থেকে দেখতে অত্যন্ত সুন্দর। কিন্তু ভেতরে গর্ত, ছাদ থেকে বৃষ্টির পানি চুইয়ে পড়ার ছাপ, দেয়ালে বড় বড় ফাটল। চাক হেডম্যানপাড়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, ‘একটু ধাক্কা লাগলেই ফোর ও দেয়ালের আস্তর খুলে যায়। বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের খেলার জন্য বিনোদন সামগ্রীগুলোও অধিকাংশ ভেঙে গেছে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা কমিটির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, চাক হেডম্যানপাড়া প্রাথমিক বিদ্যালয় রেজু বৈদ্যপাড়া, রেজু মগপাড়া, ক্রোক্ষ্যংপাড়া, উক্যজাই হেডম্যানপাড়া, গয়ালমারা চাকধালা, থুইহ্লা অংপাড়া, মুইঅংপাড়া ও আলীমিয়াপাড়া—নয়টি পাড়ায় নয়টি বিদ্যালয় নির্মাণেই অনিয়ম হয়েছে। এ জন্য নির্মিত বিদ্যালয় ভবনগুলো ত্রুটিপূর্ণ হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন বড়ুয়া বলেন, বিদ্যালয় ভবনগুলোর ত্রুটি সারিয়ে হস্তান্তরের জন্য বলা হয়েছে। কিন্তু এলজিইডি এখনো কোনো কাজ করেনি। এ জন্য হস্তান্তর না হলেও কয়েকটি বিদ্যালয়ের ত্রুটিপূর্ণ ভবনের শ্রেণি কার্যক্রম চালানো ছাড়া উপায় নেই।
পিইডিপির নির্বাহী প্রকৌশলী আবু তালেব বলেন, নির্মাণ ত্রুটির সমস্যা থাকলে দ্রুত কাজ করে দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি কাজ করেছেন কি না, এখন সর্বশেষ তথ্য তাঁর কাছে নেই।
এলজিইডির নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী শহীদুল ইসলামের সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেছেন, বিদ্যালয় ভবনগুলোতে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেগুলো দ্রুত ঠিক করে দেওয়ার জন্য ঠিকাদারদের বলা হয়েছে। তবে ঠিকাদারেরা কবে নাগাদ কাজ করে দেবেন, তা তিনি জানাতে পারেননি।