নয়া রেলমন্ত্রীকে নিজ শহরে ফুলেল শুভেচ্ছা
ফুলেল শুভেচ্ছা ও কুমিল্লাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। রেলপথমন্ত্রী হওয়ার পর গতকাল শনিবার ঢাকা থেকে প্রথমবারের মতো তিনি নিজ জেলা শহর কুমিল্লা ও নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামে আসেন। এখানে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। সকাল সাড়ে ১০টায় কুমিল্লা সার্কিট হাউসে মন্ত্রী মুজিবুল হককে ফুল দিয়ে বরণ করে নেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, আওয়ামী লীগের প্রবীণ ও বর্ষীয়ান নেতা আফজল খান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুকসহ দলের ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ওই সময় মুজিবুল হক বলেন, ‘আমি অতিসাধারণ কৃষক পরিবারের সন্তান। আমার ওপর অর্পিত দায়িত্ব সবাইকে সঙ্গে নিয়ে পালন করব। রেল মন্ত্রণালয়ের উন্নয়নসহ বৃহত্তর কুমিল্লার উন্নয়নের জন্য কাজ করব। কুমিল্লাকে আমি ঢেলে সাজাতে চাই। এ অগ্রযাত্রায় দলীয় নেতা-কর্মীরা আমার সহযোদ্ধা থাকবেন।’ বিকেল চারটায় চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।