মানিকগঞ্জ সদর উপজেলার নয়াডিঙ্গি-রাজীবপুর সাত কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। সরেজমিনে গতকাল সোমবার দেখা গেছে, এ সড়কের নয়াডিঙ্গি, কৈট্টা মোড়, কাজীপাড়া ও তালতলাসহ আরও বেশ কয়েকটি স্থানে কার্পেটিং ওঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কটির কয়েকটি অংশে এক থেকে দেড় ফুট গর্তে বৃষ্টির পানি জমেছে। যাত্রীবাহী বাস, টেম্পো, হিউম্যান হলার ও ট্রাক এসব গর্তে আটকে যাচ্ছে। পরে যাত্রীদের সহযোগিতায় উদ্ধার করা হয় এসব যান।এলাকাবাসী বলেন, কৈট্টা, কাজীপাড়া, তালতলা, আটিগ্রাম, কাটিগ্রাম, বারাহিরচর, কৃষ্ণপুর ও রাজীবপুরসহ অন্তত ২০ গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন নয়াডিঙ্গি-রাজীবপুর সড়ক হয়ে জেলা সদরে যাতায়াত করে। তাদের ভোগান্তির সীমা নেই।নয়াডিঙ্গি টেম্পো মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রথম আলোকে জানান, সড়কটি সংস্কারের অভাবে যাতায়াতে অতিরিক্ত সময় লাগছে। গর্তের কারণে মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।স্থানীয় ধানকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আবদুর রউফ বলেন, চার বছর ধরে সড়কটির সংস্কার করা হয়নি। নয়াডিঙ্গি-ধুল্যা সড়কেরও একই হাল হয়েছে। সড়ক দুটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তাদের একাধিকবার জানানো হয়েছে। উপজেলার মাসিক সমন্বয় সভায়ও বিষয়টি উত্থাপন করা হয়। কর্তৃপক্ষ কেবল আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না।সাটুরিয়া উপজেলা প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, নয়াডিঙ্গি-রাজীবপুর ও নয়াডিঙ্গি-ধুল্যা সড়ক দুটির অবস্থা অত্যন্ত নাজুক। এ সড়ক দুটি সংস্কারের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।