নয়াদিল্লি ও কলকাতায় স্বাধীনতা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মার মুক্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে গতকাল শনিবার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ও কলকাতায় অবস্থিত উপ-হাইকমিশনে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী। সংক্ষিপ্ত ওই অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশেষ বার্তা পাঠ করা হয়। ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ ইন ১৯৭১’ নামে একটি ছোট তথ্যচিত্রও দেখানো হয়। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে আগামীকাল সোমবার সন্ধ্যায় হাইকমিশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত সেনাপ্রধান বিজয় কুমার সিং।
এদিকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপ-হাইকমিশনার জকি আহাদ। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বাংলাদেশের সুখ, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী, সাংসদ, বিধায়কসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং কলকাতায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র বের করে।