নয়াদিল্লি-ঢাকা দ্বিপক্ষীয় সম্পর্ক সহযোগিতার মডেল: জয়শঙ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে নয়াদিল্লি-ঢাকা মডেল স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। তিনি গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, নয়াদিল্লি-ঢাকা দ্বিপক্ষীয় মডেল ভারতে ভূয়সী প্রশংসা পাচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত জুনে বাংলাদেশ সফরকালে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলোর বাস্তবায়ন প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ১৪টি অঙ্গীকারের মধ্যে ৮টি ইতিমধ্যে পূরণ করা হয়েছে। বাকিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন তাঁরা। জ্বালানি ও এলএনজি/ এলপিজি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা চমৎকার অগ্রগতি অর্জন করেছে।
বেশ কয়েকটি ভারতীয় কোম্পানি বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে বলে জয়শঙ্কর উল্লেখ করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি কনসোর্টিয়ামের মাধ্যমে গভীর সমুদ্রবন্দর স্থাপন করা যেতে পারে।
সার্ক স্যাটেলাইট উৎক্ষেপণ উদ্যোগে ভারতকে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ভারতের পররাষ্ট্রসচিব। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরকালে দেওয়া অঙ্গীকার পূরণের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদির সফরের পর দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতের পার্লামেন্টে ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তি অনুমোদনের কথা উল্লেখ করে শেখ হাসিনা ভারত সরকার এবং লোকসভা ও রাজ্যসভার সদস্যদের ধন্যবাদ জানান।
এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্রসচিব এম শহিদুল হক, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং সহকারী হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা উপস্থিত ছিলেন।