নয়াদিল্লি বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি নিয়ে আলোচনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকের প্রায় সাড়ে তিন মাস পর আবার বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২৮-২৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বেঠক হবে। ২৮ এপ্রিল সন্ধ্যায় বা পরদিন সকালে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎকালে এ বৈঠক হবে বলে জানা গেছে।কূটনৈতিক সূত্রগুলো জানায়, গত ১১ জানুয়ারি নয়াদিল্লির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন কতটা এগিয়েছে, থিম্পুতে তা নিয়ে শেখ হাসিনা ও মনমোহন আলোচনা করবেন। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সে ব্যাপারেও তাঁরা কথা বলবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে বাংলাদেশ জানাবে যে দিল্লি বৈঠকের পর আলোচনায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত রেখে দুই দেশের সম্পর্কের অমীমাংসিত বিভিন্ন বিষয় দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।জানা গেছে, দিল্লির যৌথ ইশতেহারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গত তিন মাসে বিদ্যুৎ খাতে সহযোগিতা, আশুগঞ্জ নৌবন্দরের মানোন্নয়নে সমীক্ষা, যৌথ নদী কমিশনের বৈঠক আয়োজনসহ বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ঋণ সহায়তা: জানা যায়, নয়াদিল্লির বৈঠকে অন্যতম প্রধান সিদ্ধান্ত ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা বাস্তবায়নে ভারত গত মার্চ মাসের শেষ সপ্তাহে চুক্তির খসড়া পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ১ দশমিক ৭৫ শতাংশ সুদে ২০ বছর পর ওই ঋণ পরিশোধ করতে হবে। ভারত ঋণের অর্থ যোগাযোগ, পরিবহন ও নদী পুনঃখননে ব্যবহারের আগ্রহ দেখিয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ইতিমধ্যে ওই খসড়ার ব্যাপারে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে মতামত ও প্রকল্প দিতে বলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মতামতে বলেছে, সংশ্লিষ্ট প্রকল্প চূড়ান্ত করার পর ইআরডি চুক্তির খুঁটিনাটি পরীক্ষা করে তা যেন দ্রুত সইয়ের পদক্ষেপ নেয়। জানা গেছে, চুক্তির শর্ত সহজ হওয়ায় এ ব্যাপারে দ্রুত ভারতের কাছে ইতিবাচক সিদ্ধান্ত জানানো হতে পারে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঋণ সহায়তা এবং ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা দেওয়ার বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সমন্বয় করা হচ্ছে।বন্দর ব্যবহার: সূত্র জানায়, ভারতকে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহারের সুবিধা দেওয়ার বিষয়ে গত তিন মাসে তেমন অগ্রগতি হয়নি। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ভারতের পাশাপাশি ভুটান ও নেপালকেও চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দিতে চায় বাংলাদেশ। সে ক্ষেত্রে বন্দর দুটির মানোন্নয়ন করতে হবে। ভারতকে বন্দর ব্যবহার করতে দেওয়ার আগে এ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে।ত্রিপুরায় পণ্য পরিবহন: জানা যায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পালাটানায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারী পণ্য (ওভার ডাইমেনশনাল কনসাইনমেন্টস—ওডিসি) পরিবহনে আশুগঞ্জ নৌবন্দরের মাধ্যমে ভারতকে ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে একটি সমীক্ষা করা হয়েছে। ভারতীয় যান দিয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনের বিষয়টিও বিবেচনায় আনা হয়েছে। গত ডিসেম্বরে দুই দেশের কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়, বর্তমানে যে রাস্তাঘাট ও সেতু আছে, সেগুলো ভারতের ভারী পণ্য পরিবহনের উপযোগী নয়। সড়কটি প্রশস্ত করা ছাড়াও কিছু সড়ক ও সেতু তৈরি করতে হবে। আশুগঞ্জ নৌবন্দরেরও মানোন্নয়ন করতে হবে। ভারতের কর্মকর্তারা আশুগঞ্জ খাদ্যগুদাম এলাকার অব্যবহূত প্রায় ১০০ একর জমি পালাটানায় বিদ্যুৎকেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি সংরক্ষণের কাজে লাগানোর প্রস্তাব দেন।তিস্তার পানি বণ্টন: মার্চে নয়াদিল্লিতে যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার পানি বণ্টনে অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব দেওয়া হয়। অবশ্য চুক্তির খসড়া সম্পর্কে এর আগেই আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়। এতে গঙ্গার পানি চুক্তির অনুসরণে চুক্তির প্রস্তাব দিয়ে বলা হয়, নদীর ২০ শতাংশ পানি স্বাভাবিক প্রবাহের জন্য রেখে বাকি ৮০ শতাংশ সমানভাবে ভাগ করা হবে। বৈঠকে ভারতও তাদের প্রস্তাব জানায়। ওই প্রস্তাবে প্রবাহের হিস্যার পরিবর্তে কিছু শর্ত চূড়ান্ত করার ওপর জোর দেওয়া হয়। পরে সিদ্ধান্ত হয়, আগামী জুনের মধ্যে দুই দেশের পানিসম্পদসচিবেরা চুক্তির খুঁটিনাটি নিয়ে আলোচনায় বসবেন। তাঁদের সুপারিশের ভিত্তিতে চুক্তি চূড়ান্ত করার পদক্ষেপ নেওয়া হবে।