নয়াদিল্লি হাইকমিশনে শোক দিবস পালিত
পাকিস্তানের মতো ধর্মীয় অনুশাসনে আটক না থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দক্ষিণ এশিয়ার বহুত্ববাদী পরিচিতি প্রতিষ্ঠা করে গেছেন। এই উপমহাদেশের সার্বিক উন্নতি তখনই সম্ভব যখন ‘সোনার বাংলার’ সার্বিক বিকাশ ঘটবে।
গত শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় এ অভিমত উঠে আসে।
বাংলাদেশের প্রতি ভারতের সাবেক কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি পালনে অপারগতার কথা উল্লেখ করেন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ সি রাজামোহন। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালির ভাষা ও সংস্কৃতির লালনে বেশি গুরুত্ব দিয়ে বাঙালিকে জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে সচেষ্ট ছিলেন। এর দরুন তিনি এই উপমহাদেশের বহুত্ববাদী পরিচিতিকে রক্ষা করে গেছেন। সে জন্য প্রচণ্ড সাহসের প্রয়োজন। তাঁর কন্যা শেখ হাসিনাও সাহসী। প্রতিশ্রুতি রক্ষায় তিনিও বদ্ধপরিকর।
প্রবীণ সাংবাদিক ও লেখক হিরণ্ময় কার্লেকার বলেন, ১৫ আগস্ট এই উপমহাদেশের মানুষের সবচেয়ে আনন্দ ও দুঃখের দিন। কারণ, এটা যেমন ভারতের স্বাধীনতা দিবস, তেমনি এই দিনেই বঙ্গবন্ধুকে সপরিবারে শেষ করে দেওয়া হয়।
অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম বলেন, মহাত্মা গান্ধী যেমন ভারতের ত্রাতা, নেলসন ম্যান্ডেলা যেমন দক্ষিণ আফ্রিকার, বঙ্গবন্ধুও তেমন বাংলাদেশের মুক্তির প্রাণপুরুষ।
গত শুক্রবার সকালে হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।
এদিকে নয়াদিল্লি ছাড়াও মুম্বাইতে বাংলাদেশের উপহাইকমিশন এবং নেদারল্যান্ডস ও মরক্কোর বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, আলোচনা অনুষ্ঠান এবং প্রামাণ্যচিত্র দেখানোর মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত অন্য সদস্যদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।