নয়াদিল্লিতে পানি নিয়ে আক্ষেপ মন্ত্রী আনিসুলের
অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রকল্প রূপায়ণে বাংলাদেশের আক্ষেপ উজাড় করে দিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আজ সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লির এক হোটেলে আন্তর্জাতিক আলোচনা সভায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘ভারত শুধু তাদের নিয়েই ভাবছে। অথচ পানিসম্পদের ব্যবস্থাপনা ও আগামী দিনের সংকটের মোকাবিলায় বারবার যৌথ ব্যবস্থাপনার কথা আমরা শুনে আসছি।’
ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) উদ্যোগে পানি উদ্ভাবন শীর্ষক সম্মেলনে ভারতের পানিসম্পদ সংরক্ষণ এবং ভবিষ্যৎ সংকটের সার্থক মোকাবিলা কীভাবে করা যায়, এ নিয়েই ছিল সারা দিনের আলোচনা। আলোচনায় বাংলাদেশের পানিসম্পদমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন পর্যায়েই আনিসুল ইসলাম মাহমুদ বাংলাদেশের আক্ষেপের কথা জানিয়ে দেন।
আনিসুল ইসলামের আক্ষেপের সুর অবশ্য শুরুতেই বেঁধে দেওয়া হয়েছিল। সিআইআইয়ের চেয়ারম্যান ধ্রুব সাহনে, বিশ্বব্যাংকের মহাপরিচালক জো ফেলাম ও কান্ট্রি ডিরেক্টর ওনো রুল এবং ভারতের পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব শশী শেখর সবাই খাদ্য নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য পানির প্রকৃত ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দেন। বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থা এবং স্বচ্ছ ভারত স্লোগান সার্থক করে তুলতে গেলে পানি সংরক্ষণ যে জরুরি এবং সেই কারণে বাংলাদেশও যে গুরুত্বপূর্ণ, তা উল্লেখ প্রায় সবাই করেন। তাঁদের কথায়, বাংলাদেশ ও ভারতকে একজোটে আগামী দিনের এই সম্ভাব্য সংকটের মোকাবিলা করতে হবে। কারণ, দুই দেশের চরিত্র ও সমস্যা এক।
এরই জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এক দৃষ্টিভঙ্গি ও একজোট হয়ে চলার কথা বারবার শুনছি। কিন্তু দুঃখের কথা, দৃষ্টিভঙ্গি যে এক, সে কথা বলতে পারছি না। বরং এটা বলতে পারি, এক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে কোনো সহযোগিতাই দেখা যাচ্ছে না। ভারত বড় দেশ, তার পানিস্তর দ্রুত কমছে; অথচ জনসংখ্যা বেড়ে চলেছে। পানি তার বড়ই প্রয়োজন। কাজেই ভারত নিজেকে নিয়েই চিন্তিত। বাংলাদেশের প্রয়োজনের কথা এখানে ভাবাই হচ্ছে না। অথচ ২০১১ ও ২০১৫ সালে দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় যৌথ বিবৃতিতে পানি ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগের কথা বলা হয়েছে।
পানিসম্পদমন্ত্রী বলেন, এক দৃষ্টিভঙ্গির যে কথা বলা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ, তিনি মনে করেন, একমাত্র উন্নত বাংলাদেশই পারে ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে। বাংলাদেশ তা করছেও। বাংলাদেশের উন্নত হওয়ার পেছনেও শক্তিশালী ভারতের অবদান থাকতে হবে। এটাই সম দৃষ্টিভঙ্গি। বাংলাদেশ এখন ৭ শতাংশ প্রবৃদ্ধি আশা করছে। কিন্তু তার জন্য পানির জোগান অব্যাহত থাকা দরকার। কারণ, বাংলাদেশের কাছে পানি এক গুরুত্বপূর্ণ রসদ। বাংলাদেশে নদীভিত্তিক পানির হাল কী, তার একটা ছবিও তিনি আঁকেন। বলেন, গত বছর এই সময় গঙ্গায় তিন লাখ কিউসেক পানি প্রবাহিত হয়েছে। এই বছর তা এক লাখ কিউসেকে কমে এসেছে। তিস্তায় প্রবাহিত হয়েছিল দেড় হাজার কিউসেক পানি, এবার কমে দাঁড়িয়েছে ২৩২ কিউসেক। এই পরিমাণ পানিতে কোনো নদী বাঁচতে পারে না। আনিসুল ইসলামের আশা, ভারত এবার নিশ্চিতভাবে বাংলাদেশের স্বার্থরক্ষায় উদ্যোগী হবে। গঙ্গা ব্যারাজ ও তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে।