নয়াদিল্লিতে বাংলাদেশের কার্গো ট্রাক
ভারতে প্রথমবারের মতো পৌঁছাল বাংলাদেশের পণ্যবাহী কার্গো ট্রাক। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে গত বছরের জুন মাসে স্বাক্ষরিত মোটরযান চুক্তির আওতায় গতকাল সোমবার কার্গো ট্রাকটি নয়াদিল্লির পাতপারগঞ্জে ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) পৌঁছায়। দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এর ফলে পরিবহনে সময় ও খরচ দুটোই বাঁচবে।
ভারতে যাওয়া বাংলাদেশের কার্গো ট্রাকটি গত ২৭ আগস্ট ঢাকা ত্যাগ করে। এর চালক মতিউর ইসলাম (৩২) ও মো. রাসেল (২৮)। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে জিপিএস সিস্টেম সংযুক্ত পণ্যবাহী ট্রাকটি ভারতে প্রবেশ করে। কর্মকর্তারা প্রতি মুহূর্তে এর অবস্থান সম্পর্কে অবগত থাকায় দেশটির কয়েকটি রাজ্য অতিক্রম করে রাজধানীতে প্রবেশ সহজ হয়েছে বলে জানিয়েছেন ভারতের শুল্ক বিভাগের কর্মকর্তারা।
বাংলাদেশের পণ্যবাহী কার্গো ট্রাকের সরাসরি ভারতে প্রবেশের এই ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন দেশটির শুল্ক বিভাগের চিফ কমিশনার বিবেক জোহরি।