নয়াদিল্লিতে বিজয় দিবসে অনুষ্ঠান
বাংলাদেশের বহুত্ববাদী চরিত্রই যে মুক্তিযুদ্ধের চেতনা, বিজয় দিবস উদ্যাপনের মধ্য দিয়ে সেটাই ফুটিয়ে তোলা হলো। গত শুক্রবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী হলে ঢাকার সরকারি সংগীত কলেজের শিল্পীরা যে আবহের সৃষ্টি করেন, বহুত্ববাদী চরিত্রের পাশাপাশি সেখানে ফুটে ওঠে গণতন্ত্র, উদারতা ও দেশপ্রেমের চালচিত্র।
ভাষাপ্রেমই যে বাংলাদেশ রাষ্ট্রের ভিত, শামীমা পারভিনের তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতেই তা দর্শকমনে প্রোথিত হয়ে যায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র মধ্য দিয়ে। তারপর মুক্তিযুদ্ধের একেকটি পর্বের তথ্যচিত্রের সঙ্গে একেকটি গান আবিষ্ট করে রাখে দর্শক-শ্রোতাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমোঘ উক্তি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-এর সময় পরিবেশিত হয় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, জাত-ধর্ম-বর্ণনির্বিশেষে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার তথ্যচিত্রের সঙ্গে উচ্চারিত হয় ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি’।
অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।