নয়াদিল্লিতে ব্যস্ত দিন কাটালেন জেনারেল মুবীন
ভারত সফররত সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন গতকাল সোমবার নয়াদিল্লিতে ব্যস্ত দিন কাটিয়েছেন। সকালে ভারতের স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী সেনাদের স্মরণে ইন্ডিয়া গেটে ‘অমর জওয়ান জ্যোতি’তে (এজেজে) পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তিনি তাঁর আনুষ্ঠানিক সফর শুরু করেন। খবর বাসসের।ইন্ডিয়া গেট থেকে সাউথ ব্লকে ভারতীয় সেনা সদর দপ্তরে যান জেনারেল মুবীন। সেখানে ভারতীয় সেনাপ্রধান জেনারেল দীপক কাপুর তাঁকে স্বাগত জানান। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। আনুষ্ঠানিকতা শেষে জেনারেল মুবীন ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।জেনারেল আব্দুল মুবীন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নির্মল বার্মার সঙ্গেও সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। জেনারেল মুবীন ভারতীয় বিমানবাহিনীর উপ-প্রধান এয়ার মার্শাল পি কে বারবোরার সঙ্গেও সাক্ষাত্ করেন। জেনারেল মুবীন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যালয় পরিদর্শন করেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান রণদীর সিং তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সন্ধ্যায় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে সাক্ষাত্ করেন।