নয়াদিল্লিতে ভারতীয় শহীদ সেনানীদের সম্মাননা

মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনা-শহীদদের রক্তে বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে। তাঁদের এই আত্মত্যাগের কাহিনি প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। মুক্তিযুদ্ধের ভারতীয় সেনা-শহীদদের সম্মাননা অনুষ্ঠানে গতকাল শনিবার এ কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মানেকশ সেন্টারে গতকাল বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের শহীদদের অবদান স্মরণ করে বলেন, মুক্তিযোদ্ধাদের পাঁচ বছরের জন্য ‘মাল্টিপল এন্ট্রি’ ভিসা দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে। এই ঘোষণার পাশাপাশি তিনি আরও জানান, মুক্তিযোদ্ধা পরিবারের ছাত্রছাত্রীদের ভারত বৃত্তি দেয়। এই সংখ্যা আরও ১০ হাজার বাড়ানো হবে। তা ছাড়া বছরে ১০০ জন মুক্তিযোদ্ধার জন্য বিশেষ চিকিৎসার বন্দোবস্ত ভারত সরকার করবে।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১ হাজার ৬৬১ জন ভারতীয় সেনানী শহীদ হয়েছিলেন। এই শহীদদের বাংলাদেশের পক্ষে সম্মাননা জানানোর বিষয়টি প্রথম অনুধাবন করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবটি অনুমোদন করেন। গতকাল তা বাস্তবায়ন হওয়া শুরু হলো। ভারতীয় সেনা, নৌ, বিমান ও সীমান্ত নিরাপত্তারক্ষী বাহিনীর মোট সাতজন শহীদকে এই সম্মাননা জানিয়ে শেখ হাসিনা প্রক্রিয়াটি শুরু করলেন। একে একে বাকি সব শহীদ পরিবারের সদস্যদের হাতে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা এই সম্মাননা পৌঁছে দেবেন।
বেলা ঠিক সাড়ে তিনটায় ম্যানেকশ সেন্টারের বিশাল প্রেক্ষাগৃহে একই সঙ্গে উপস্থিত হন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। তাঁদের আগেই মঞ্চে হাজির ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও উপস্থিত ছিলেন। মঞ্চের পেছনে মুক্তিযুদ্ধের ডাক দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবি। তারই সঙ্গে শহীদ মিনার ও মুক্তিযোদ্ধাদের ছবির কোলাজ। দুই দেশের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের শুরু। জাতীয় সংগীতের সময় মঞ্চের দুই পাশে ফুটে উঠল দুই দেশের জাতীয় পতাকা। তারপর শুরু একে একে সাত শহীদকে স্মরণ ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে অভিজ্ঞানপত্র তুলে দেওয়া। প্রেক্ষাগৃহ পূর্ণ বীর শহীদদের পরিবারের সদস্যে। অভিজ্ঞানপত্রসহ সম্মাননা স্মারক তুলে দেওয়ার সময় অগণিত চোখ চিকচিক করে উঠল। প্রেক্ষাগৃহ ভরে গেল করতালিতে।
প্রথমেই সংক্ষিপ্ত ভাষণ ইংরেজিতে পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, এই অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ২০১১ সালে প্রথম বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। তারপর ওই সম্মান দেওয়া হয় অটল বিহারি বাজপেয়ি ও প্রণব মুখার্জিকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দিলেন হিন্দিতে এবং সেই ভাষণ লিখিত ছিল না। দুই দেশের শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আজ শহীদদের আত্মত্যাগ স্মরণ করার দিন। কারণ, ভারতীয় বাহিনী শুধু বাংলাদেশের মানুষের প্রতি অন্যায় ও অবিচারের জবাব দিতে লড়েননি, লড়েছিলেন মানবতার বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে।’ তিনি বলেন, ‘ঠিক এই কারণে দুই দেশের ১৪০ কোটি মানুষ পরস্পরের প্রতি বিশ্বস্ত। এটা সেই বিশ্বাস ও আস্থা প্রকাশের দিন।’ পাকিস্তানের নাম না করে মোদি বলেন, ‘একাত্তরের ইতিহাস নরসংহারের নিকৃষ্টতম ইতিহাস। সেটা ছিল বাংলাদেশের একটা গোটা প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত। তারা বাংলাদেশ ও বাঙালির অস্তিত্বকে মুছে দিতে চেয়েছিল। তা যাঁরা হতে দেননি, তাঁদের সেই বলিদানের পেছনে ছিল রাষ্ট্রপ্রেমের কাহিনি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘মার্গদর্শক’ আখ্যা দিয়ে মোদি বলেন, তিনি যে প্রগতিশীল উদার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তাঁর যোগ্য কন্যা সেই বাংলাদেশকে সেভাবে গড়ে তুলতে চাইছেন। শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, সোনার বাংলাকে তিনিই গড়ে তুলছেন। তাঁর দেশের যা প্রবৃদ্ধি, তা বহু দেশের কাছে ঈর্ষাজনক। কিছু কিছু ক্ষেত্রে তা ভারতকেও ছাপিয়ে গেছে। তিনি বলেন, ‘আমি সবাইকে নিয়ে বিকাশের কথা বলি। এই সবাইয়ের মধ্যে প্রতিবেশীদেরও আমি ধরি। কারণ, আমি বিশ্বাস করি, একা একা বিকাশের অর্থ প্রকৃত বিকাশ নয়।’
মোদি বলেন, আতঙ্কবাদ ও জঙ্গিবাদ দুই দেশেরই শত্রু। এটা অশান্তির জায়গা। বাংলাদেশ ও ভারত উভয় দেশকেই এই অশুভ শক্তির মোকাবিলা করতে হচ্ছে। শেখ হাসিনার সাহসের উল্লেখ করে তিনি বলেন, ‘হাসিনা দেশের সন্ত্রাসীদের টুঁটি টিপে ধরেছেন। বন্ধু হিসেবে তাঁর জন্য যেকোনো পদক্ষেপ নিতে আমি প্রস্তুত।’