নয়াদিল্লিতে সরকার ও উলফার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি
ভারতের কেন্দ্রীয় ও আসাম রাজ্য সরকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করেছে। গত শনিবার নয়াদিল্লিতে এই চুক্তি সই হয়। এএফপি।চুক্তি অনুযায়ী, উলফা সহিংসতা বা কোনো ধরনের হামলা চালাবে না। সরকারও উলফার সদস্যদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেবে না।আসামের স্বাধীনতার লক্ষ্যে ১৯৭৯ সালে গঠিত হয় উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম)। এরপর থেকে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটিতে সহিংসতা চলে আসছে। শনিবারের ত্রিপক্ষীয় এই চুক্তিকে সেখানকার সহিংসতার অবসানের পথে এক ধাপ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের দুই দিন আগে এ চুক্তি সই হলো।বাংলাদেশ সরকার অতীতে উলফাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ ছিল। অবশ্য ২০০৯ সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার পর এ বিষয়ে ভারত সরকারের অবস্থানের পরিবর্তন হয়। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে আটক করে ভারতের কাছে হস্তান্তর করে। এরপর তাঁরা জামিনে মুক্তি পেয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেন।গত জুলাইয়ে উলফা একতরফা অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল। যদিও উলফা বলেছে, তারা অস্ত্র ও গোলাবারুদ সমর্পণ করবে না। উলফার পররাষ্ট্রবিষয়ক সম্পাদক শশধর চৌধুরী নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘আমরা কেন তা করব? এটা চূড়ান্ত চুক্তি নয়।’