নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে শোক ও শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

শোক ও শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত হলো ভারতের রাজধানী নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে। দিনটি উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট অতিথি, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সাবেক ভারতীয় সেনানী ও বুদ্ধিজীবীদের সমাবেশ হয় হাইকমিশনে।

অনুষ্ঠানে হাইকমিশনার মুহম্মদ ইমরান বলেন, শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আজ শপথ গ্রহণেরও দিন। বঙ্গবন্ধুর সাধের ‘সোনার বাংলা’ গড়ে তোলার যে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা তাঁর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে চলেছেন, তা সফল করার শপথও সবাইকে নিতে হবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নততর বাংলাদেশ গঠন হোক সবার একমাত্র লক্ষ্য।

হাইকমিশনার বলেন, ‘বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ হৃদয়ে লালন করে যদি আমরা পথ চলতে পারি, তা হলেই সেটাই হবে তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর সেরা উপায়। আজ তাঁর বাংলাদেশ উপেক্ষিত নয়। উন্নয়নশীল দেশের স্বীকৃতিপ্রাপ্ত এক প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিচিতি আদায় করে নিয়েছে। আর্থ–সামাজিক বহু ক্ষেত্রে এই দেশ প্রতিবেশীদের চেয়ে অনেক এগিয়ে।’

শোক দিবস উপলক্ষে হাইকমিশনে বঙ্গবন্ধু মিলনায়তনের সামনে বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ছবি নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ ও ‘বঙ্গবন্ধু কর্নার’ খোলার এক পরিকল্পনা গৃহীত হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার পর সেখানে কী ধরনের গবেষণা হবে, সন্ধ্যার অনুষ্ঠানে তার একটা রূপরেখা দেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুরণচাঁদ যোশি। তিনি জানান, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমোন্নয়নের লক্ষ্যে এই চেয়ারের প্রতিষ্ঠা। সেখানে নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতিসহ অন্য অনেক বিষয়ের শিক্ষক থাকবেন। এর ফলে বঙ্গবন্ধুর আদর্শ যেমন ছড়িয়ে পড়বে, তেমনই উপকৃত হবেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা।

গতকাল রোববার সকালে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর তা অর্ধনমিত রাখা হয়। হাইকমিশনের কর্মী ও তাঁদের পরিবারেরা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পাঠানো বাণী পাঠ করা হয়। সন্ধ্যায় অতিথি সমাগমে প্রদর্শিত হয় বঙ্গবন্ধুর ওপরে তৈরি এক তথ্যচিত্র। তাঁর জীবন ও কীর্তির বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বিভিন্ন অতিথি। উন্মোচিত হয় ‘বঙ্গবন্ধু, দ্য ইমমর্টাল লেজেন্ড’ নামের এক পুস্তিকা।