নয়াপল্টন এলাকায় নিহত যুবকের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনের ১১ তলার একটি আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে নিহত হওয়া যুবকের পরিচয় মিলেছে। তাঁর নাম ফজলুর রহমান (২৫)। গতকাল শনিবার দুপুরে তাঁর পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে লাশ শনাক্ত করে। পুলিশ বলছে, নিহত ফজলুর জামায়াত-শিবিরের কর্মী ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।পুলিশ ও পরিবার জানায়, নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচর গ্রামে। বাবা প্রয়াত মো. তোয়াহা। গত শুক্রবার নয়াপল্টনে পুলিশের বাধায় জামায়াত-শিবিরের একটি মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর বেশ কয়েকজন যুবক একটি বহুতল ভবনে ঢুকে পড়েন। ওই ভবনের ছাদ থেকে পড়ে মারা যান ফজলুর। অজ্ঞাতনামা হিসেবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পরিবার ও এলাকাবাসী জানান, দুই বোন ও চার ভাইয়ের মধ্যে ফজলুর সবার ছোট। তাঁদের আদি নিবাস কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। একটি মাদ্রাসায় দাখিল পাস করার পর তিনি ঢাকা কলেজে ভর্তি হন। সেখান থেকে উচ্চমাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকার মানিকনগর এলাকায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছিলেন। তিনি সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া কুমিল্লার তিতাস থানার মাছিমপুর উচ্চবিদ্যালয়ের ইসলাম ধর্ম শিক্ষক ছিলেন। কুমিল্লায় থাকলেও সপ্তাহে দুই দিন তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে ঢাকায় আসতেন।তবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ফজলুর রাজধানীর বাসাবো এলাকায় একটি মাদ্রাসায়ও শিক্ষকতা করতেন। তিনি জামায়াত-শিবিরের কর্মী ছিলেন। নিহতের ভাই মো. সোলাইমান বলেন, ফজলুর ধর্ম নিয়ে চিন্তাভাবনা করতেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না, তা তাঁরা জানেন না। টেলিভিশনে দেখেই তাঁরা ঢাকায় এসে লাশ শনাক্ত করেন।ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার ফজলুরের লাশ গ্রামের বাড়ি নেওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।