নয়াপল্টনে ককটেলে তিন সংবাদকর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে তিন সংবাদকর্মী আহত হয়েছেন। ১৮ দলের ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলী সাংবাদিকদের বলেন, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কেউ আশপাশের ভবন থেকে ককটেল ছুড়ে মেরেছে বলে তাঁরা ধারণা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকেরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেখানে দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এতে অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সাজেদা সুইটি, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইনডিপেন্ডেন্টের ক্যামেরাপারসন চন্দন ও এস এ টিভির ক্যামেরাপারসন মাহমুদ আহত হন।

এঁদের মধ্যে সাজেদা সুইটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চন্দনকে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।

সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় নেতা-কর্মীদের দেখা না গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় তিন দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।