নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টন এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকায় দুটি গাড়িতে আগুন ও প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ও বিএনপির কর্মীদের পাল্টাপাল্টি ইটপাটকেল ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পল্টনসহ আশপাশের এলাকায়। গতকাল নেত্রকোনায় ১৮ দলের সমাবেশে প্রশাসনের ১৪৪ ধারা জারি করা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গাড়িবহরে সরকার-সমর্থকদের হামলার অভিযোগে বিকেল চারটায় বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি দেয় যুবদল, ছাত্রদলসহ বিএনপির কয়েকটি অঙ্গসংগঠন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া চারটার দিকে সমাবেশ চলা অবস্থায় বিজয়নগর মোড়ের কাছে রাস্তার পাশে রাখা একটি গাড়িতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে পুলিশ ধর ধর বলে সমাবেশের দিকে ছুটে যায়। এ সময় সমাবেশের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও পল্টনের বিভিন্ন গলিতে ঢুকে পড়েন। একপর্যায়ে ছাত্রদলের কিছু কর্মী পল্টন মসজিদের গলির মুখে সংগঠিত হয়ে মিছিল করার চেষ্টা করেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় সংঘর্ষ আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে নয়াপল্টন এলাকায় কাঁদানে গ্যাসের শেল ও ইটপাটকেল মারার ঘটনা চলে। বিএনপির কর্মীরা দলীয় কার্যালয়ের নিচ থেকে, পল্টন মসজিদের গলি ও মওলানা ভাসানী ভবনের গলি থেকে ইটপাটকেল ছোড়েন। এ সময় নয়াপল্টন ও বিজয়নগর এলাকায় প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। সোয়া পাঁচটার দিকে পুরানা পল্টন এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন বিএনপির কর্মীরা। পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছিল। হঠাৎ করেই বিনা উসকানিতে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিএনপির কর্মীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।’সংঘর্ষ থামার পর বিকেল সাড়ে পাঁচটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে। তিনি দাবি করেন, পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটের আঘাতে দলীয় কার্যালয়ের ভেতরে ও বাইরে অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। বিএনপির কর্মীরা বিনা কারণে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন—পুলিশের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, ‘বিজয়নগর মোড় থেকে পুরো এলাকা ছিল পুলিশের নিয়ন্ত্রণে। আমাদের সমাবেশও ঘিরে রাখে পুলিশ। তা হলে আমরা আগুন দিলাম কী করে? নিশ্চয়ই এটা তারাই করেছে।’সংঘর্ষ শেষ হওয়ার পর পুলিশ ও র্যা ব নয়াপল্টন এলাকা থেকে নজরুল ইবনে আজম, আমির শাহ, মোখলেছুর রহমানসহ ২১ জনকে আটক করে। এ সময় কিছু পথচারীও পুলিশ ও র্যা বের লাঠিপেটার শিকার হন। নয়াপল্টনের ‘লাইটিং হাউস’ নামে একটি প্রতিষ্ঠানের ফটক থেকে নজরুল ইবনে আজমকে আটক করে পুলিশ। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বাবুল সরকার জানান, নজরুল তাঁদের প্রতিষ্ঠানের কর্মচারী শামীম হোসেনের ভাতিজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ১০ দিন আগে ঢাকায় এসে চাচার কাছে ওই প্রতিষ্ঠানে ওঠেন। পুলিশ তাঁকেও ধরে নিয়ে গেছে।