নয়াপাড়া শিবিরে ঠাঁই হলো ২৫০ রোহিঙ্গার

মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে টেকনাফের কোনো না কোনো সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা নৌকায় করে এখনো বাংলাদেশে পালিয়ে আসছে।
আজ সোমবারও আরও ৭৫ পরিবারের ২৪৭ জনকে ত্রাণ সহযোগিতা দিয়ে টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
দেলোয়ার হোসেন বলেন, আজ সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশ করা আরও ৭৫টি পরিবারের ২৫০ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ হারিয়াখালী ত্রাণকেন্দ্র আসেন। পরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণ ও একটি করে কম্বল দিয়ে বাসে করে ২৫০ জনকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরে পাঠানো হয়েছে।
দেলোয়ার হোসেন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ কিছুতেই থামছে না। কোনো না কোনো সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে।