সাহিত্য উৎসবে দেশ নিয়ে রেহমান সোবহানের স্মৃতিচারণা
পঁচাত্তরের পর দেশ উল্টোপথে যাত্রা শুরু করেছিল

পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের বৈষম্য, জাতীয়তাবোধ, ছয় দফা, সত্তরের নির্বাচন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধসহ নানা বিষয়ে স্মৃতিচারণা করলেন খ্যাতিমান অর্থনীতিবিদ রেহমান সোবহান। বললেন, ১৯৭৫ সালের পর বাংলাদেশ উল্টোপথে যাত্রা শুরু করেছিল। তবে তিনি বাংলাদেশ নিয়ে আশাবাদী।
‘ঢাকা লিট ফেস্ট’–এর দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার নিজের লেখা বই আনট্রাঙ্কুইল রিকালেকশনস: দ্য ইয়ারস অব ফুলফিলমেন্ট নিয়ে আলোচনা করতে গিয়ে রেহমান সোবহান এসব কথা বলেন। বাংলা একাডেমি মিলনায়তনে ‘দ্য মার্চ টু ইনডিপেনডেন্স’ শীর্ষক অধিবেশন সঞ্চালনা করেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। তাতে অতিথি ছিলেন আইনজ্ঞ
ড. কামাল হোসেন।
রেহমান সোবহান বলেন, ‘১৯৫৭ সালে একটি বৈঠকে আমি প্রথম বঙ্গবন্ধুকে দেখি। পরে পরিকল্পনা কমিশনে যোগ দিলে বঙ্গবন্ধু ১৯৫৭ সালের বৈঠকের কথা উল্লেখ করেন।’ দুই পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য নিয়ে বলতে গিয়ে রেহমান সোবহান বলেন, ‘আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক। লাহোরে এক সেমিনারে দুই পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য নিয়ে বক্তব্য রেখেছিলাম। সেমিনারে পাকিস্তানের একজন বিচারক ছিলেন। তিনি আমার বক্তব্য শুনে বলেছিলেন, এই ছেলে কি জানে না দেশে সামরিক শাসন চলছে?’
রেহমান সোবহান বলেন, বঙ্গবন্ধু ছিলেন অবিসংবাদী নেতা। কিন্তু তিনি সব সময় শিক্ষক-গবেষক-বুদ্ধিজীবী—সবার কাছ থেকে জানার চেষ্টা করতেন। একটা ঘোষণায় তো আর স্বাধীনতা আসেনি। এটি দীর্ঘদিনের প্রক্রিয়া ছিল।
১৯৭০ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরিতে কাজ করেছিলেন রেহমান সোবহান। ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু হওয়ার পরপরই ভারতে চলে যান তিনি। সেই স্মৃতিচারণা করে রেহমান সোবহান বলেন, ‘আমি ভারতে গিয়ে অমর্ত্য সেন, অশোক মিত্রসহ অন্য অর্থনীতিবিদদের সঙ্গে যোগাযোগ করি। রাজনীতিবিদদের মধ্যে এম আর সিদ্দিকীর সঙ্গে আমার দেখা হয়। আমি তাঁদের দিল্লি যেতে বলি। দিল্লিতে গিয়ে তাজউদ্দীন আহমদের সঙ্গে আমাদের দেখা হয়। এরপর তো তাজউদ্দীন আহমদই সবকিছুর নেতৃত্ব দেন। মে মাসের শুরুর দিকে আমি যুক্তরাষ্ট্র চলে যাই। এরপর সেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করি।’
রেহমান সোবহানের বই নিয়ে কথা বলতে গিয়ে ড. কামাল হোসেন বলেন, ‘রেহমান সোবহানের এই স্মৃতিচারণা বইটি একটি অসাধারণ দলিল। এতে ১৯৩০ সাল থেকে বিভিন্ন ঘটনা আর ১৯৬১ থেকে ১৯৭১-এর পুরো বর্ণনা রয়েছে।’ তিনি বলেন, দেশের জন্য ষাটের দশকের মতো সব শ্রেণি-পেশার ঐক্য দরকার। গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ, গণমাধ্যম জনগণকে ক্ষমতায়ন করতে পারে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ছেড়ে চলে যান রেহমান সোবহান। কারণ হিসেবে বলেন, ওই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ তো উল্টো পথে চলতে শুরু করেছিল। এক প্রশ্নের জবাবে রেহমান সোবহান বলেন, ‘আমি সব সময়ই আশাবাদী ছিলাম। এখনো বাংলাদেশ নিয়ে আশাবাদী।’
মাহ্ফুজ আনাম বলেন, ‘রেহমান সোবহানের মতো অর্থনীতিবিদ এবং মানুষ সব সময়ই আমাদের অনুপ্রেরণা দিয়েছেন।’