পঁচিশ পরিবারের স্বপ্ন ভেঙে দিল একটি বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ফেরার দুটি টিকিট না পেয়ে স্ত্রীকে ঢাকায় রেখে একাই বাড়িতে মায়ের সঙ্গে ঈদ করতে এসেছিলেন পোশাকশিল্প কারখানার শ্রমিক আতাউর রহমান (৩২)। তিনি ঢাকায় ফেরার কোনো টিকিট জোগাড় করতে পারেননি। তাঁর মতো শ্রমিকেরা কেউই পারেননি।
তাঁরা ৬০-৭০ জন স্থানীয় রাস্তায় চলাচলকারী একটি বাস ভাড়া করেছিলেন। সেই বাস নাটোরে গিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় মারা গেছেন আতাউর রহমান ও মনিরুল ইসলাম ওরফে শফিক (৩৩) নামের দুই শ্রমিক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন। তাঁদের মধ্যে অচেতন হয়ে পড়ে আছেন সাতজন। বাকরুদ্ধ হয়ে আছেন আরও একজন। আরও এক পরিবারের পাঁচজন নাটোরে চিকিৎসাধীন রয়েছেন।
আহত অধিকাংশ শ্রমিকের বাড়িই রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও এর আশপাশের কয়েকটি গ্রামে। নিহত মনিরুল ইসলামের বাড়ি চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামে।
আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুতেই ঢাকায় যাওয়ার ট্রেন ও বাসের টিকিট জোগাড় করতে না পেরে তাঁরা চাঁপাইনবাবগঞ্জ এলাকার অরিপ পরিবহনের একটি বাস ভাড়া করেন। চুক্তি অনুযায়ী যাঁরা গাড়ির ভেতরে যাবেন, তাঁদের ভাড়া ধরা হয়েছিল ৫৫০ টাকা এবং যাঁরা ছাদে যাবেন, তাঁদের ভাড়া ২০০ টাকা। ছাদে ও ভেতরে মিলে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে আড়ানী বাস টার্মিনাল থেকে বাসটি গত বুধবার দুপুরে ছাড়ে। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল সড়কের আইড়মারি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান মনিরুল ইসলাম। আতাউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে মারা যান। তাঁর বাড়ি বাঘা উপজেলার চক বাউসা গ্রামে।
গতকাল বৃহস্পতিবার সকালে আতাউরের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী সাবিনা বেগম (২৫) স্বামীর মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে বাড়ি ফিরে এসেছেন। তিনি বিলাপ করে বলছেন, তাঁর সব স্বপ্ন শেষ হয়ে গেল। আতাউরের ভাতিজা আনোয়ার হোসেনও আহত হয়েছেন। তাঁর একটি পা ভেঙে গেছে। চাচা মারা যাওয়ার কারণে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চাচার দাফনের জন্য রয়েছেন। তিনি বলেন, বাসের ছাদের ওপরে প্রায় ১০০ মণ ডাঁটার শাক সাজানো ছিল। তার ওপরে বসেছিলেন ৩০-৩৫ জন যাত্রী। পাশে ছিল আমের ক্যারেট। তিনি বলেন, এই অতিরিক্ত বোঝাইয়ের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পড়ার পরে তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দেখেন আর উঠতে পারছেন না। তার একটি পা ভেঙে গেছে।
গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, ৮ নম্বর ওয়ার্ডে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হওয়া আড়ানী এলাকার শামীম হোসেন ওরফে বাবু (২২), সুমন আলী (৩৫) ও জাহাঙ্গীর হোসেন (২৫), ৫ নম্বর ওয়ার্ডে নান্টু (৩০), ৩১ নম্বর ওয়ার্ডে শাহাবাজ আলী (৪৪) ও ইয়াকুব আলী (৩৮) এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওবায়দুর রহমান ওরফে সুজন অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। ৮ নম্বর ওয়ার্ডের বারান্দায় বাকরুদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন আনজারুল আলী (৩৪)। তাঁর চোখ-মুখ থেঁতলে বীভৎস হয়ে গেছে।
অন্যদের মধ্যে শাহবাজ আলীর একটি পা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। সারা শরীর জখম হয়েছে। রাশিদুলের ডান পা থেঁতলে গেছে। তিনি ঢাকায় ইটভাটায় ট্রলি ঠেলার কাজ করেন। স্ত্রী রীতা খাতুন পোশাক কারখানায় কাজ করেন। স্ত্রীও আহত হয়েছেন। স্বামীর তুলনায় কম। তাই তিনি স্বামীর সেবায় ব্যস্ত হয়ে রয়েছেন। তিনি বারবার স্বামীকে পানি খাওয়ানোর চেষ্টা করছেন।
এ ছাড়া নাটোরে একটি বেসরকারি হাসপাতালে একই পরিবারের পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, নাটোরে দুর্ঘটনায় আহত রোগীদের মধ্যে আইসিইউতে একজন এবং অন্যান্য ওয়ার্ডে আরও ২১ জন চিকিৎসাধীন রয়েছেন। আইসিইউতে যে রোগী রয়েছেন, তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক।