পঁচে যাচ্ছে তিন কোটি টাকার মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও পরিবহন শ্রমিকদের ডাকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল মঙ্গলবার পঞ্চম দিনের মতো চলেছে। ১৬ দফা দাবিতে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন এবং কয়েকটি দাবিতে পরিবহন শ্রমিকেরা পৃথকভাবে ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের ফলে মিয়ানমার থেকে আমদানি করা ১৪১ টন মাছ ও ৫৫ টন আদা নষ্ট হতে চলেছে।মেসার্স এশিয়া এন্টারপ্রাইজের পরিচালনাকারী ব্যবসায়ী মো. আবদুল আমিনের অভিযোগ, গত বৃহস্পতিবার বিকেলে শুঁটকিবোঝাই বস্তাগুলো ট্রাকে উঠিয়ে বন্দর থেকে ছাড়পত্র নিতে গেলে ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক (হিসাব) জসিম উদ্দিন ও সহকারী ব্যবস্থাপক সালাহউদ্দিন উেকাচ দাবি করেন। তিনি উেকাচ দিতে না চাইলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে জসিম উদ্দিন কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন। এ ঘটনায় টেকনাফ সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন গত সোমবার বিকেলে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে। এতে ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ, অতিরিক্ত চার্জ আদায়, বন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন ও সহকারী ব্যবস্থাপক সালাউদ্দিনের অপসারণ এবং ইউনাইটেড ল্যান্ড পোর্টের ২৫ বছরের ইজারা বাতিল না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিদার হোসেন।এদিকে পণ্যবোঝাই দুটি ট্রাক বন্দর থেকে নিয়ে যেতে চাইলে বাধা দেন জসিম উদ্দিন ও সালাউদ্দিন। একপর্যায়ে তাঁরা ট্রাকচালক মো. সেলিম, সোনা মিয়া, হেলপার রুমেলকে মারধর করে গাড়ির কাগজপত্র ও চাবি কেড়ে নেন এবং চাকার হাওয়া ছেড়ে দিয়ে চাকা নষ্ট করেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকনেতারা জসিম উদ্দিন ও সালাউদ্দিনকে প্রত্যাহার না করা পর্যন্ত বন্দর থেকে কোনো ধরনের পণ্যবাহী ট্রাক ছেড়ে যেতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন। তবে মো. সালাহউদ্দিন বলেন, শুল্ক ফাঁকি দিয়ে শুঁটকি আমদানিকে কেন্দ্র করে বন্দরের ব্যবস্থাপকের ওপর হামলা চালানো হয়। সরকার-নির্ধারিত শুল্কের বাইরে কোনো কিছু আদায় করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।ধর্মঘটের কারণে মিয়ানমার থেকে আমদানি করা হিমায়িত রুই-কাতলা ও আদা নষ্ট হতে চলেছে। মাছ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মাসুদ অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপক মোহাম্মদ আলম ও মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের এমডি মো. কায়সার বলেন, পাঁচ দিন ধরে পড়ে থাকায় বরফ গলে প্রায় তিন কোটি টাকার মাছ ও ৫০ লাখ টাকার আদা নষ্ট হতে চলেছে।