পঁয়ষট্টির বাছিরন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোছাম্মাত বাছিরন নেছা
মোছাম্মাত বাছিরন নেছা

মাথার চুল পেকে গেছে। শরীরের চামড়ায় পড়েছে ভাঁজ। চোখে নেই আগের সেই তীক্ষ্ণতা। বয়সের ভারে নুয়ে পড়েছে দেহ। কিন্তু নুয়ে পড়েনি প্রবল ইচ্ছাশক্তি। প্রতিদিন হেঁটে তিনি বিদ্যালয়ে গিয়ে ক্লাস করেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তিনি। কয়েক দিন পর প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসবেন।
অদম্য এই শিক্ষার্থী মোছাম্মাত বাছিরন নেছা। বয়স ৬৫ বছর। বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ায়। গ্রামের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তিনি। ২০ নভেম্বর থেকে অনুষ্ঠেয় প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন বাছিরন। ক্লাসে মোট শিক্ষার্থী ছয়জন। বাছিরন এই খুদে শিক্ষার্থীদেরই একজন। রোল নম্বর ৬।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় মাঠপাড়ায় গেলে বাছিরনের বড় ছেলের স্ত্রী জাহানারা খাতুন বলেন, শাশুড়ি প্রাইভেট পড়তে গেছেন বাড়ির অদূরে বান্ধবীর বাড়িতে। গিয়ে দেখা গেল, উঠানে বাঁশের মাচায় বসে বান্ধবী জুলেখার কাছে পড়ছেন বাছিরন। জুলেখা বলেন, এক মাস ধরে তাঁর কাছে প্রাইভেট পড়তে আসেন বাছিরন।
পড়া শেষে বাড়ি ফিরতে ফিরতে কথা হয় বাছিরনের সঙ্গে। জানালেন, পবিত্র কোরআনের অর্থ শিখতেই একসময় বাংলায় পড়ালেখা শেখার আগ্রহ হয়। পরে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন। আগে বাংলা কিছুই পড়তে বা লিখতে পারতেন না। এখন পারেন।
বাছিরনের বড় ভাই আমিরুল ইসলাম বলেন, ‘খুব ছোটবেলায় একই গ্রামের রইল উদ্দীনের সঙ্গে বাছিরনের বিয়ে হয়েছিল। প্রায় ৩০ বছর আগে স্বামী মারা যায়। ছোট থাকতেই আরবি পড়েছিল বাছিরন। বাংলা পড়তে পারেনি। দুই মেয়ে ও এক ছেলের বিয়ে হয়ে গেছে। এখন থাকে ছেলের সংসারে।’
বাছিরনের নাতি মেহেরপুর সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র জসিম উদ্দীন বলেন, নানির পড়ার আগ্রহ দেখে তাঁদের ভালো লাগে। তাই তাঁকে পড়ার জন্য উৎসাহ জোগান তাঁরা। আর বাছিরনের ছেলে কৃষিকাজ করা মহির উদ্দীন বলেন, এ বয়সে মায়ের লেখাপড়ার বিষয়টি নিয়ে তিনি গর্ববোধ করেন।
স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, পাঁচ বছর আগে প্রথম শ্রেণিতে ভর্তি হন বাছিরন। সেই থেকে নিয়মিত ক্লাস করেন। কখনো ফাঁকি দেন না। তাঁর পড়ার আগ্রহ প্রবল। ইংরেজি ও গণিতে একটু দুর্বল হলেও তিনি সেটা কাটিয়ে উঠবেন বলে আশাবাদী শিক্ষক।